ফুফুকে নিঃসন্তান দেখিয়ে জমি দখলের চেষ্টা

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৮ এএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুরে ৩৬ শতক জমি দখল করার জন্য এক অভিনব কৌশল ব্যবহার করার অভিযোগ উঠেছে। অভিযোগকারী পক্ষের দাবি, দখলকারীরা ৩ সন্তানের জননী ফুফুকে নিঃসন্তান দেখিয়ে জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছেন।

স্থানীয়রা অভিযোগ করেছেন, শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের রাধানগর মৌজায় ৩৬ শতক জমি দখল করার জন্য সাইফুল আলম, আব্দুল কালাম আজাদ, শরিফুল ইসলাম এবং তাদের লোকজন কায়মা খাতুন (হকশাদি) নামে মৃত এক মহিলাকে নিঃসন্তান দেখিয়ে একটি বন্টননামা তৈরি করেন। ওই বন্টননামায় কায়মা খাতুনের ভাইদের সন্তানদের অংশীদার হিসেবে উল্লেখ করা হয়, যদিও প্রকৃতপক্ষে কায়মা খাতুনের ৩২ জন উত্তরাধিকারী ছিলেন।

অভিযোগকারী আব্দুল মতিন জানান, তারা বৈধভাবে ভারতে গিয়ে জমি কিনেছেন, কিন্তু জমি দখলকারীরা তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং ভয়ভীতি দেখিয়ে জমি দখলে নিতে চেষ্টা করছেন। ‘আমরা আইন অনুযায়ী জমি কিনে নিয়েছি, তবে তারা আমাদের বাধা দিচ্ছে এবং জমি থেকে বঞ্চিত করছে,’ বলেন তিনি।

স্থানীয় এক বাসিন্দা মো. মোশারফ হোসেন বলেন, ‘ক্রয়সূত্রে জমির প্রকৃত মালিক আব্দুল মতিন ও মইনুদ্দিন, কিন্তু তাদের চাচাতো ভাই সাইফুল আলম, আব্দুল কালাম আজাদ এবং শরিফুল ইসলাম এই জমি জোরপূর্বক দখল করতে চাইছে।’

বিনোদপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মো. শামসুজ্জামান জানান, ‘আমরা এই জমির বিষয়টি জানি, তবে এটি আদালতে চলমান মামলার অংশ হওয়ায়, আমাদের মন্তব্য করার সুযোগ নেই।’

এ বিষয়ে স্থানীয়রা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত