চৌদ্দগ্রামে আতিক হত্যা মামলার আসামি জয়নাল গ্রেপ্তার

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৩ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে চাঞ্চল্যকর এসএসসি পরীক্ষার্থী আতিক (১৯) হত্যা মামলার অন্যতম আসামি জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত জয়নাল চৌদ্দগ্রাম পৌরসভার সোনাকাটিয়ার মৃত জুনাব আলীর ছেলে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় চট্টগ্রামের এ কে খাঁন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান।

কুমিল্লা র‌্যাব-১১ সূত্রে জানা গেছে, গত সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে চৌদ্দগ্রাম পৌরসভার সোনাকাটিয়া মধ্যমপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হাতে নিহত হয় এসএসসি পরীক্ষার্থী আতিক।

প্রাথমিকভাবে জানা যায়, ভিকটিম আতিকের বন্ধু সজীবের সঙ্গে স্থানীয় এক ব্যক্তির মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। গত অক্টোবর মাসে তারা পালিয়ে বিয়ে করে। পরে মেয়ের মা ভিকটিমের বন্ধু সজীবসহ দশজনকে আসামি করে চৌদ্দগ্রাম থানায় একটি অপহরণ মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করে আদালতের মাধ্যমে তার পরিবারের নিকট হস্তান্তর করে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছিল। এর জের ধরে কয়েকজন ব্যক্তি ঘটনার দিন রাতে আতিককে লোহার রড ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ বিএনটেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে গত শনিবার (৮ ফেব্রুয়ারি) সে মারা যায়।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি আতিক হত্যার সঙ্গে সম্পৃক্ততার তথ্য দিয়েছে। পরে তাকে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয় এবং আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শনিবার সকালে তাকে কারাগারে পাঠানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত