ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার ম্যানচেস্টার সিটি ৪-০ গোলে হারায় নিউক্যাসলকে। ম্যাচে হ্যাটট্রিক করেছেন ওমর মারমুশ। মিসরীয় ফরোয়ার্ড মারমুশকে শীতকালের দলবদলে গত মাসে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে ৫৯ মিলিয়ন পাউন্ডে ম্যানসিটিতে যোগ দেন মারমুশ। নতুন ঠিকানায় প্রথম গোলের ১৩ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করেন তিনি! আর মারমুশের এক গোলে অ্যাসিস্ট করে রেকর্ড বুকে নাম লিখিয়েছেন সিটির ব্রাজিলিয়ান গোলকিপার এডেরসন।
ম্যাচের ১৯ মিনিটে সিটির গোলের শুরুটা করেন মারমুশ। নিজেদের বক্সের বেশ বাইরে থেকে বল ভাসিয়ে মারেন প্রতিপক্ষের অর্ধে। সেই বল ধরেই গোল করেন মারমুশ। এই মৌসুমে এটি এডেরসনের তৃতীয় অ্যাসিস্ট, সব মিলিয়ে ছয় নম্বর। প্রিমিয়ার লিগ ইতিহাসে এর আগে সবচেয়ে বেশি (৫) গোলে অ্যাসিস্টের রেকর্ড ছিল গোলকিপার পল রবিনসনের। রবিনসন ইপিএলে খেলেছেন লিডস ইউনাইটেড, টটেনহ্যাম হটস্পার, ব্ল্যাকবার্ন রোভার্স ও বার্নলির হয়ে।
পাঁচ মিনিট পর গুনদোয়ানের পস থেকে ব্যবধান দ্বিগুণ করেন মারমুশ। ৩৩ মিনিটে সাভিনহোর পাস বক্সে ফাঁকায় পেয়ে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন মিসরীয় ফরোয়ার্ড মারমুশ। চলতি মৌসুমের প্রথম ভাগে ফ্রাঙ্কফুর্টের হয়ে ২০ গোল করা ২৬ বছর বয়সী ফরোয়ার্ড সিটির জার্সিতে চার ম্যাচ গোলশূন্য থাকার পর, ক্যারিয়ারে প্রথম হ্যাটট্রিকের স্বাদ পেলেন। ৮৪ মিনিটে জেমস ম্যাটি স্কোর ৪-০ করেন।
ম্যাচ শেষে মারমুস বলেন, ‘দারুণ দিন, দুর্দান্ত অনুভূতি। তিন পয়েন্ট পাওয়া এবং গোল পাওয়ায় মনে হচ্ছে কাজটা ঠিকমতো হয়েছে। দলকে সহায়তা করে আমি খুব খুশি।’ লিগে ২৫ ম্যাচ শেষে ৪৪ পয়েন্টে চারে আছে ম্যানচেস্টার সিটি।
