লা লিগায় ওসাসুনার মাঠে আগে গোল করেও পয়েন্ট হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ওসাসুনা ও রিয়ালের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। তবে ম্যাচের ফল ছাপিয়ে আলোচনায় জুড বেলিংহ্যামের অশালীন কথা ও লাল কার্ড পাওয়ার ঘটনা। ম্যাচের ৩৯ মিনিটে লাল কার্ড দেখেন ইংলিশ মিডফিল্ডার বেলিংহ্যাম।
ম্যাচের ১৫ মিনিটে বর্তমান লা লিগা চ্যাম্পিয়নদের এগিয়ে নেন এমবাপ্পে। এই গোলে অবদান কম নয় ফেদে ভালভের্দের। মূল চার ডিফেন্ডারের অনুপস্থিতিতে রাইট-ব্যাক হিসেবে খেলা উরুগুয়ে মিডফিল্ডারের দারুণ ক্রসে জাল খুঁজে নেন এমবাপ্পে। বেলিংহ্যামের লাল কার্ডের আগে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে ২১তম মিনিটে হলুদ কার্ড দেখেন রিয়াল কোচ আনচেলত্তি। পেনাল্টির জোরালো দাবিতে রেফারি সাড়া না দেওয়ায় ক্ষোভ জানিয়ে দেখেন হলুদ কার্ড। ৩৯ মিনিটে ওসাসুনার নেওয়া এক কর্নারের পর লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইংলিশ মিডফিল্ডার বেলিংহ্যাম। তবে রিপ্লেতে রেফারিকে কিছু একটা বলতে দেখা যায়।
ম্যাচ শেষে ইংলিশ এই মিডফিল্ডার বলেন, ‘রেফারি নিশ্চিত না হয়েও যখন ধরে নেন যে (কথাটা) আমি বলেছি, আসলে আমি সেটা বলিনি, তখন কাজটা কঠিন হয়ে পড়ে। আমার মনে হয়, ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে... ঘটনাটা আমার খুব ভালোভাবে মনে আছে, এটা আমার নিজের প্রতি একটা এক্সপ্রেশন ছিল। আমি রেফারির দিকেও যাচ্ছিলাম না, তবে অবশ্যই ভুল বোঝাবুঝি হয়েছিল। তিনি মনে করেছিলেন, আমি তাকে অপমানজনক কিছু বলেছি। তাকে অপমান করার কোনো উদ্দেশ্য ছিল না, কোনো অপমানজনক কথা ছিল না।’
বেলিংহ্যাম আসলে কী বলেছিলেন, *ফা..অ* নাকি *ফা..ই* সেটি ক্যামেরাতে ভালোভাবে বোঝা যায়নি। দুটি শব্দের অর্থ ভিন্ন। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বেলিংহ্যামের লাল কার্ড নিয়ে কথা বলেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তিও। একই দিনে রিয়ালের নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদও পয়েন্ট হারিয়েছে। শনিবার আতলেতিকো মাদ্রিদ ও সেল্তা ভিগোর ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ফলে লা লিগায় আবারও জমে উঠেছে শিরোপা লড়াই। তিনে থাকা বার্সেলোনা ৪৮ পয়েন্ট নিয়ে আজ নিজেদের মাঠে খেলবে রায়ো ভায়োকানোর বিপক্ষে। এই ম্যাচে জয় পেলে শীর্ষে উঠে যাবে বার্সেলোনা।
