জিদানকেই নিজের উত্তরসূরি হিসেবে চান দেশ্যম

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৮ এএম

ফ্রান্সের বিশ্বকাপজয়ী কোচ দিদিয়ের দেশ্যমের সঙ্গে ফ্রান্স ফুটবল ফেডারেশনের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৬ বিশ্বকাপের পর। মেয়াদ শেষে দেশ্যম আর থাকবেন না বলে ইতোমধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন। প্রশ্ন হচ্ছে, ফ্রান্স জাতীয় দলে দেশ্যমের উত্তরসূরি কে হবেন?

ফ্রান্সের ফুটবলপ্রেমীদের দাবি, কিংবদন্তি জিনেদিন জিদানকেই দেশ্যমের উত্তরসূরি করা হোক। খোদ দেশ্যমও এমনটাই চান। লেকিপকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘জিজু (জিদান) খুব ভালো একজন প্রার্থী, সহজাত এবং প্রত্যাশিত একজন। কিন্তু আমি আবারও বলব, আমি জানি না, সে ফ্রান্সের কোচ হতে চায় কি না।’

ফ্রান্সের হয়ে ১৯৯৮ বিশ্বকাপ জিতেছেন জিদান। সেই দলের অধিনায়ক ছিলেন দেশম। দুজনে মিলে ২০০০ সালের ইউরো জিতেছেন।  ৫২ বছর বয়সী জিদান দ্বিতীয় মেয়াদে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব ছাড়ার পর থেকে অবসরজীবন কাটাচ্ছেন। দুই মেয়াদে রিয়ালকে জিতিয়েছেন তিনটি চ্যাম্পিয়নস লিগ, দুটি লা লিগাসহ ১১টি শিরোপা।

২০২২ সালে ফ্রান্সের কোচ হওয়ার কথা ছিল জিদানের। কিন্তু শেষ পর্যন্ত তিনি রাজী হননি। দেশ্যমই কোচ হিসেবে থেকে যান। সাবেক অধিনায়কের মেয়াদ শেষে কিংবদন্তি জিদান কি ধরবেন ফ্রান্সের হাল?

×
সর্বশেষ সর্বাধিক পঠিত