চ্যাম্পিয়নস ট্রফি

ভারতের সামনে দাঁড়াতেই পারবে না পাকিস্তান: হরভজন

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১৮ পিএম

রাজনৈতিক বৈরিতার কারণে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক লড়াই দেখা যায় না এক দশক হয়ে গেল। ক্রিকেট দুনিয়ার সবচেয়ে আকর্ষণীয় এই দ্বৈরথ দেখতে আইসিসি বা এসিসির টুর্নামেন্টের দিকে তাকিয়ে থাকতে হয়। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে ২৩ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। যথারীতি এই ম্যাচ নিয়ে তুমুল আগ্রহ তৈরি হয়েছে, এক ঘণ্টায় শেষ হয়ে গেছে টিকিট।

ভারতের সাবেক স্পিন তারকা হরভজন সিং অবশ্য এই ম্যাচ নিয়ে এত হাইপ তোলার কিছু দেখছেন না। তার মতে, ম্যাচটি হবে একপেশে এবং ভারতেরই জয় হবে। নিজের ইউটিউব চ্যানেলে হরভজন বলেন, ‘এবারের ভারত-পাকিস্তান ম্যাচ ওভারহাইপড। কারণ, এই ম্যাচে কিছুই নেই। ভারত খুবই শক্তিশালী। আর পাকিস্তান ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হেরেছে। পাকিস্তানের দলটি ধারাবাহিক নয়।’

হরভজন আরও বলেন, ‘আপনারা যদি ভারতের ব্যাটসম্যান ও বোলারদের সঙ্গে পাকিস্তানের ব্যাটসম্যান-বোলারদের পরিসংখ্যানের পার্থক্য দেখেন, তাহলেই পরিষ্কার ছবি পেয়ে যাবেন। (মানুষের আগ্রহের কারণে) টিকিটের দাম অনেক বেড়েছে। কিন্তু আমার মনে হয় না দর্শক যতটা প্রত্যাশা করছেন, ততটা লড়াই মাঠে দেখা যাবে। ২৩ ফেব্রুয়ারির ওভারহাইপড ম্যাচটি আমার তো মনে হয় একতরফা হবে।’

নিজের বক্তব্যের পক্ষে যুক্তিও উপস্থাপন করেছেন হরভজন, ‘দুই দলের মধ্যে শক্তির পার্থক্য অনেক। বাবর আজম আর রিজওয়ানকে বাদ দিলে পাকিস্তান দুর্বল। এই দুজন বাদে অন্য কেউ হাল ধরার মতো নেই। তাদের বোলাররাও ছন্দে নেই। পাকিস্তানের প্রধান ব্যাটসম্যান বাবর, ভারতের বিপক্ষে তার গড় ৩১। অথচ একজন শীর্ষ ব্যাটসম্যানের গড় হওয়ার কথা ৫০। ভারতের বিপক্ষে রিজওয়ানের গড় ২৫, ফখরই একমাত্র ব্যাটসম্যান যার গড় ৪৬। এর বাইরে ওদের কোনো ব্যাটসম্যান নেই।’

ভারতের সঙ্গে তুলনা করে হরভজন বলেন, ‘আমি যখন পাকিস্তানের ব্যাটিং লাইনআপের দিকে তাকাই, এ দলটা ভারতের বিপক্ষে লড়াই করতে পারবে বলে মনে হয় না। ভারত খুবই শক্তিশালী। রোহিত কিছুদিন আগে রানে ফিরেছে, শুবমান গিলও রানে আছে। অক্ষর প্যাটেল ছন্দে আছে, বিরাট কোহলিও কিছুদিন আগে একটা ফিফটি করল। চেনা ছন্দে না থাকলেও আমার বিশ্বাস, কোহলি ভালো করবে, কারণ বড় টুর্নামেন্টে সে সব সময়ই জ্বলে ওঠে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত