প্রেস সচিব

শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতের ওপর চাপ বাড়ছে

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১১ এএম

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে সে দেশে চাপ বাড়ছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মিডিয়া ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, ‘আমাদের মূল লক্ষ্য তাকে (শেখ হাসিনা) দেশে এনে বিচার করা। কিছুদিন আগে জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তাতে স্পষ্ট যে কী ধরনের অপরাধ তিনি করেছেন। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনেছে তারা।’

‘এটা খুবই বড় ও ভয়ংকর ধরনের অপরাধ। মানবতার বিরুদ্ধে অপরাধ। এই রিপোর্ট ও অন্যান্য কিছু মানবাধিকারবিষয়ক রিপোর্টের পর প্রচুর চাপ তৈরি হয়েছে। এর একটা ইঙ্গিত আছে ইন্ডিয়া টুডের একটা জরিপে। সেখানে দেখা গেছে, ৫৫ শতাংশ চান তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক। আবার একটা অংশ চান তাকে অন্য কোনো দেশে পাঠানো হোক। মাত্র ১৬-১৭ শতাংশ ভারতীয় চায় শেখ হাসিনাকে তাদের দেশে রাখতে,’ বলেন তিনি।

শফিকুল আলম বলেন, ‘তিনি (শেখ হাসিনা) গত ১৫-১৬ বছরে যে নৃশংস স্বৈরাচারী ব্যবস্থা চালিয়েছেন, এটা স্পষ্টভাবে এসেছে জাতিসংঘের প্রতিবেদনে। আমার মনে হয় এখন চাপ আরও হবে। আমরা তাকে ফেরত চেয়ে ভারতকে একটা চিঠি দিয়েছি। চাপটা অব্যাহত থাকবে।’

‘আমরা চাইব তাকে এনে সশরীরে হাজির করে বিচার করতে। বাংলাদেশের মানুষ তার বিচার দেখতে চায়। এটা আমাদের অগ্রাধিকার এবং আমরা এটার জন্য যত কাজ করা দরকার সব করছি,’ বলেন তিনি। 

স্বাধীন সাংবাদিকতা নিয়ে কমিটি টু প্রটেস্ট জার্নালিস্টের (সিপিজে) প্রতিবেদনের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে প্রেস সচিব বলেন, গত ৫৩ বছরে বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনভাবে কাজ করছেন সাংবাদিকরা।

সিপিজে-কে বাংলাদেশে এসে বাংলাদেশের সাংবাদিকদের স্বাধীনতা পর্যবেক্ষণ করার আহ্বান জানান প্রেস সচিব।

আওয়ামী লীগের খুনি-দুর্নীতিবাজদের বিচারের পর তাদের ভবিষ্যৎ নিয়ে, নির্বাচনে অংশগ্রহণ নিয়ে জনগণ এবং অন্যান্য রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে বলে মন্তব্য করে শফিকুল আলম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত