বাংলাদেশি শ্রমিকদের ভিসা আবেদনের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছেন ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মারিয়া ত্রিপোদি।
আজ বুধবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই তথ্য জানান।
এ সময় ত্রিপোদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ইতালীয় সরকারের দৃঢ় সমর্থন জানান এবং একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে চলমান সংস্কার উদ্যোগের প্রশংসা করেন। তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন, বিশেষ করে টেক্সটাইল ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও প্রসারিত করতে চান।
পররাষ্ট্র উপদেষ্টা ইতালির উপমন্ত্রীকে ঢাকায় স্বাগত জানান। বাংলাদেশ ও ইতালির মধ্যে গতিশীল অর্থনৈতিক সম্পর্কের বিষয় উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তৌহিদ হোসেন।
গ্রিনফিল্ড খাতে বিনিয়োগের আহ্বান জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান সরকার, বিশেষ করে, বিডা, বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রক্রিয়াগুলি সহজ করে বাংলাদেশে আরও ভালো ব্যবসার পরিবেশ তৈরি করতে নিরলসভাবে কাজ করছে। বাংলাদেশ প্রতিরক্ষা উপকরণের উৎসে বৈচিত্র্য আনতে চায় তা তুলে ধরে তিনি বাংলাদেশের প্রতিরক্ষা খাতের আধুনিকায়নে অবদান রাখতে ইতালির আগ্রহকে স্বাগত জানান।
অভিবাসন ইস্যুতে উভয় পক্ষই দুই দেশের অর্থনীতিতে ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের অবদানের প্রশংসা করেন। অনিয়মিত অভিবাসন, মানব পাচার ইস্যুতে কথা বলেন। বাংলাদেশি কর্মীদের দীর্ঘদিন ধরে ভিসা আবেদন বন্ধ রাখায় উদ্বেগ জানান তৌহিদ হোসেন। দ্রুত বিষয়টি সমাধানের আশ্বাস দেন ত্রিপোদি।
কক্সবাজারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশের উদার আতিথেয়তার প্রশংসা করেন ইতালির উপমন্ত্রী।
ইতালির উপমন্ত্রী ২ দিনের সরকারি সফরে বাংলাদেশে আসেন। অন্তর্বর্তী সরকার গঠনের পর এটিই প্রথম কোনও ইইউ দেশ থেকে মন্ত্রী পর্যায়ের সফর। মঙ্গলবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পশ্চিম ইউরোপ ও ইইউ) আবুল হাসান মৃধা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
আবারও সাকিব প্রসঙ্গে শান্তকে প্রশ্ন, এক শব্দে জবাব অধিনায়কের
বাংলাদেশের কীর্তিগাথা আসর