প্রতিপক্ষ নয়, নিজেদের নিয়ে ভাবছেন শান্ত

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২২ পিএম

অবশেষে শুরু হয়ে গেছে চ্যাম্পিয়নস ট্রফি। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক পাকিস্তান আর নিউজিল্যান্ড। এদিকে আগামীকাল বৃহস্পতিবার দুবাইয়ে বাংলাদেশ-ভারতের জমজমাট ম্যাচ। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে জোর দিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

চ্যাম্পিয়নস ট্রফিতে রওনা হওয়ার আগে শান্ত বলেছিলেন, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই তারা খেলতে যাচ্ছেন। তবে প্রস্তুতি ম্যাচে শান্তদের পারফর্মেন্স ছিল করুণ। ভারত ম্যাচের আগে আজ বুধবার সংবাদ সম্মেলনে শান্ত ফের শোনালেন আত্মবিশ্বাসের কথা, ‘এই সংস্করণে আমাদের দলটা ব্যালান্সড। আমরা বিশ্বাস করি, এই টুর্নামেন্টে আমরা যেকোনো দলকে হারাতে পারি। সব দলই শিরোপা জয়ের সামর্থ রাখে। আর আমি এমন কেউ নই যে প্রতিপক্ষ নিয়ে খুব বেশি ভাবে। নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে আমরা যেকোনো দিন যেকোনো দলকে হারাতে পারি।’

শক্তির দিক দিয়ে টাইগারদের চেয়ে ভারত অনেক বেশি শক্তিশালী। প্রথম ম্যাচে এমন কঠিন প্রতিপক্ষ পেলেও তাদের বিপক্ষে জয়ের ইতিহাস মনে করালেন শান্ত, ‘আপনি যদি খেয়াল করেন তাহলে ৮টি দলই ভালো মানের। ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ডের সঙ্গে ভালো স্মৃতি আছে, সাম্প্রতিক সময়ে আমরা বেশ কিছু ম্যাচও জিতেছি। গত বছর (আসলে ২০২২) ভারতের বিপক্ষে দেশের মাটিতে ভালো স্মৃতি আছে। কিন্তু সেটা এখন অতীত। আগামীকাল যদি ভালো খেলতে পারি আর পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, তাহলে ভালো একটা ম্যাচ হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত