মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গতকাল বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির মধ্যে রয়েছে ২১ ফেব্রুয়ারি ভোর ৬টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন। সকাল সাড়ে ৬টার মধ্যে কালো ব্যাজ সহকারে প্রভাতফেরিতে অংশ নেওয়ার জন্য বলাকা সিনেমা হলের সামনে দলীয় নেতাকর্মীদের জমায়েত এবং আজিমপুর কবরস্থানে ভাষাশহীদদের মাজার জিয়ারত শেষে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে যাত্রা এবং শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন।
এ ছাড়া এ উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে দলের পক্ষ থেকে আলোচনা সভা হবে। দলের সিনিয়র নেতাসহ বরেণ্য বুদ্ধিজীবী ও ভাষাসৈনিকরা সভায় বক্তব্য দেবেন।
দিনটি উপলক্ষে দলের জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর ও বিভিন্ন ইউনিট স্থানীয় শহীদ মিনারে ভাষাশহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবে।
