৫০ রান করতে গিয়ে ৪৯টি ডট বল খেলেছেন বাবর!

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৭ এএম

ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানের বড় পরাজয় দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু করেছে পাকিস্তান। প্রথম ম্যাচে জয়-পরাজয় ছাপিয়ে আলোচনায় চলে এসেছে পাকিস্তানি ব্যাটারদের ব্যাটিং। ৩২১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের ব্যাটাররা যেভাবে টেস্ট খেলতে শুরু করেন –সেটা রীতিমতো আশ্চর্যের!

বাবর আজমের কথাই ধরা যাক। এত বড় টার্গেটে ব্যাটিংয়ে নেমে তিনি ৮১ বলে ফিফটি পূরণ করেন! ওপেনিংয়ে নেমে ৩১তম ওভারে ফিফটি পূরণ করার আগ পর্যন্ত তিনি ৪৯টি বলে রান নিতে পারেননি! ফিফটি করার পর উদযাপন করতেও তার দ্বিধা ছিল। হয়তো বিব্রত বোধ করছিলেন। ফখর জামান চোট পাওয়ায় বাবরকে হাত খুলে খেলতে হতো। কিন্তু তার এমন ব্যাটিং সবাইকে বিস্মিত করেছে।

পাকিস্তানের টপ অর্ডারের বাকিরাও ছিল এরকম। সৌদ শাকিল (১৯ বলে ৬), মোহাম্মদ রিজওয়ানের (১৪ বলে ৩) ব্যর্থতায় প্রথম ১০ ওভারে পাকিস্তান তোলে মাত্র ২২ রান! এরপর আগা সালমান ব্যাটিংয়ে নেমে ২৮ বলে ৪২ রান করে ইনিংসে গতি সঞ্চার করেন। কিন্তু বাবর যেন প্রতিজ্ঞা করেছিলেন, তিনি হাত খুলবেন না। মিচেল স্যান্টনারের বলে আউট হওয়ার আগে করেন ৯০ বলে ৬৪ রান, যা দলের কোনো কাজে আসেনি।

বাবরের সমালোচনা করে সম্প্রচারকারী চ্যানেলে পাকিস্তানের পেস কিংবদন্তি ওয়াসিম আকরাম বলেছেন, ‘আমি ইনিংস শুরুর আগে আলোচনায় বলেছিলাম, বাবর যেন স্ট্রাইক রেটের কথা না ভেবে সময় নিয়ে খেলে এবং দলের ইনিংস তাকে কেন্দ্র করে যেন এগিয়ে যায়। কিন্তু তাই বলে এত ডট বল তো দিতে বলিনি…।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত