পরাজয়ের পর গার্দিওলা বললেন ‘কিছুই চিরস্থায়ী নয়’

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৫ এএম

আগের মৌসুমেই চিত্রটা ছিল ভিন্ন। পেপ গার্দিওলার অধীনে রীতিমতো দাপট দেখাচ্ছিল ম্যানচেস্টার সিটি। সেই দল কিনা চলতি মৌসুমে জিততেই ভুলে গেছে! রিয়াল মাদ্রিদের আছে ৩-১ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গেছে এই প্রতিযোগিতার তিনবারের চ্যাম্পিয়ন দলটি। গার্দিওলার কোচিং ক্যারিয়ারে কখনই শেষ ষোলোর আগে তার দল বিদায় নেয়নি।

৯ বছর আগে ম্যান সিটিতে যে রাজত্বের শুরু করেছিলেন গার্দিওলা, এভাবে সেটার অবসান ঘটবে কে জানত? ইতিহাদে প্লে-অফ প্রথম লেগ ৩-২ গোলে হারের পর রিয়ালের মাঠে ফিরতি লেগ জয় এমনিতেই খুব কঠিন ছিল। বাস্তবেও তাই হয়েছে। এই কঠিন বাস্তবতার মুখে দাঁড়িয়ে দর্শকদের বিদ্রূপ হজম করতে হচ্ছে গার্দিওলাকে। ম্যাচ শেষে সিটি কোচ দার্শনিকের মতো বলেছেন, ‘কোনো কিছুই চিরস্থায়ী নয়।’

সিটি কোচ আরও বলেন, ‘আমরা অবিশ্বাস্য ছিলাম, তবে আজকের (কাল রাতে) ধাপে ধাপে আমাদের উন্নতি করতে হবে। আমাদের অতীত অসাধারণ, কিন্তু এখন আর তেমন নয়। সেরা দল জিতেছে। এটা তাদেরই প্রাপ্য। আমাদের চেয়ে ভালো ছিল। আমাদের যেটা করতে হবে, সেটা হলো বাস্তবতা মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়া। (প্রিমিয়ার লিগে) আমাদের হাতে এখনো ১৩ ম্যাচ আছে। আমাদের শীর্ষ চারে বা পাঁচে থেকে আবারও (চ্যাম্পিয়নস লিগে) ফেরার চেষ্টা করতে হবে।’

কিন্তু লিভারপুলের সঙ্গে ১৭ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে থেকে লিগ শিরোপা জয়ের দৌড় থেকে আগেই ছিটকে পড়েছে চারে থাকা সিটি। চলতি মৌসুমে সব মিলিয়ে এ পর্যন্ত খেলা ৪০ ম্যাচের ১৩টিতেই তারা হেরেছে। গার্দিওলা তাই বললেনন, ‘এ বছরই আমরা সবচেয়ে বাজে খেলছি...আমরা দারুণ একটি দল ছিলাম, কিন্তু এ বছর অনেক কারণেই তা আর নেই। আমরা পুনর্গঠন করতে শুরু করেছি। কিছু খেলোয়াড়ের বয়সও হয়েছে। সময়ের সঙ্গে ক্লাবের সবাই এটা (বাস্তবতা) মেনে নেবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত