খিলগাঁওয়ে স’মিলের আগুন ছড়িয়ে পড়ছে আশপাশে, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৪ পিএম

রাজধানীর খিলগাঁওয়ের তালতলা চৌরাস্তা এলাকার একটি স’মিলের (করাত কল) আগুন পার্শ্ববর্তী একটি গ্যারেজেও ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। সর্বশেষ তথ্যানুযায়ী, গ্যারেজে থাকা বিভিন্ন গাড়িতে আগুন লেগেছে এবং গাড়ির সিলিন্ডার বিস্ফোরিত হচ্ছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, খিলগাঁওয়ে লাগা আগুন নিয়ন্ত্রণে ১১টি ইউনিট কাজ করছে। বিস্তারিত এখনও কিছুই জানা যায়নি। তবে গাড়ির গ্যারেজে ও স’মিলে দুই জায়গায় আগুনের ঘটনা ঘটেছে।

তিনি আরও জানান, সন্ধ্যা সাড়ে ৭টার সময় আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এর কয়েক মিনিট পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও বেশ কয়েকটি ইউনিট যোগ দেয়।

ধারণা করা হচ্ছে, প্রথমে একটি স’মিল থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর পাশে থাকা একটি গ্যারেজে আগুন লাগে। এরপর ওই গ্যারেজের আশপাশে থাকা সব গ্যারেজেই আগুন ছড়িয়ে পড়ে। সেখানে গ্যাস সিলিন্ডার, রঙের সিলিন্ডার ছিল। পাশের গ্যারেজগুলো থেকে গাড়ি এবং যন্ত্রাংশ সরিয়ে নেওয়া গেলেও, সিলিন্ডার সরানো সম্ভব হয়নি। সব সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত