চৌদ্দগ্রামে গভীর রাতে শহীদ মিনার ভাঙচুর

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৬ এএম

কুমিল্লার চৌদ্দগ্রামের গুণবতী ডিগ্রি কলেজের শহীদ মিনারটি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকার মানুষের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

গতকাল শুক্রবার সকালে সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ।

কলেজ সূত্রে জানা গেছে, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে প্রথমে কলেজের শিক্ষকরা এবং পরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা জানানো শেষে রাত সাড়ে ১২টার দিকে সবাই শহীদ মিনার এলাকা ত্যাগ করেন।

এরপর রাত ২টার দিকে কলেজ ক্যাম্পাসে বিকট শব্দ শুনে কলেজের নৈশপ্রহরী ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান শহীদ মিনারের তিনটি স্তম্ভের মধ্যে দুটি ভেঙে ফেলা হয়েছে। এ সময় তিনি কাউকে সেখানে দেখতে পাননি বলে জানিয়েছেন।

গুণবতী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল লতিফ জানান, ‘রাতে ফুল দেওয়া শেষে সবাই চলে যাওয়ার পর গভীর রাতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।’

চৌদ্দগ্রাম থানার ওসি বলেন, ‘সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। স্থানীয় কেউ এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে দোষীদের আইনের আওতায় আনা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত