রাত পোহালেই আগামীকাল রবিবার দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির মঞ্চে দেখা যাবে ভারত-পাকিস্তানের মহারণ। নিউজিল্যান্ডের কাছে হার দিয়ে আসর শুরু করেছে পাকিস্তান, অন্যদিকে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে উড়ছে ভারত। প্রতিবেশি দল শক্তিশালী হলেও তাদেরকে হারানোর প্রত্যয়ের কথা শোনালেন খুশদিল শাহ।
৩০ বছর বয়সী খুশদিল এক সাক্ষাতকারে বলেছেন, ‘ভারতের বেশ ভালো এবং শক্তিশালী একটা দল আছে। তবে সব দলকেই হারানো সম্ভব। ভারতকেও হারাতে পারি আমরা। যদি সবাই নিজেদের সেরাটা উজার করে দেই, তাহলে অবশ্যই সম্ভব। দলের সবার মাঝে সেই বিশ্বাসটা আছে। ভারত ম্যাচে বিশ্বাসটা ধরে রাখতে পারলে না জেতার কোনো কারণে নেই।’
গত আসরের ফাইনালে ভারতকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। কিন্তু এবার তারা নিউজিল্যান্ডের কাছে হেরে ছিটকে যাওয়ার শঙ্কায় আছে। খুশদিল আরও বলেন, ‘ভারত-পাকিস্তান মুখোমুখি হলে সারা বিশ্ব দেখে। যারা চাপ ভালোভাবে সামলাতে পারে তারাই জেতে। আমরা একটা ম্যাচ হারলেও টুর্নামেন্টে টিকে আছি। ভারতকে হারালে পরের রাউন্ডে যেতেও পারি। তাই আমাদের হিসাবের বাইরে রাখবেন না।’
এদিকে খুশদিলের একটি মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। নিউজিল্যান্ড ম্যাচের পরে খুশদিল বলেছিলেন, ‘আমি নিজেই জানিনা, কীভাবে পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির দলে জায়গা পেলাম। গত দুই বছর ধরে নির্বাচকেরা আমার দিকে তাকায়নি। এবার কোন যুক্তিতে আমাকে নেওয়া হয়েছে, জানি না।’
ভারত ও বাংলাদেশকে হারাবে পাকিস্তান –আশা দুই শোয়েবের
মেসির কাছে অটোগ্রাফ চেয়ে শাস্তির মুখে রেফারি