বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ বলেছেন, হাসিনা দেশকে ধ্বংস করে দিয়েছেন, সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রের সকল স্তম্ভ তারা নড়বড়ে করে দিয়েছেন। প্রশাসন, পুলিশ, বিচার ব্যবস্থা, অর্থনীতি, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, সবটাকেই ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন। আর এই নড়েবড়ে রাষ্ট্রকে মজবুত ভীতের ওপর দাড় করাতেই তারেক রহমান ৩১ দফা সংস্কার কর্মসূচি দিয়েছেন।
আজ শনিবার রাজধানীর সারুলিয়া গরুর হাট প্রাঙ্গণে ঢাকা মহানগর দক্ষিণের ডেমরা থানা বিএনপি আয়োজিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালা অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
কর্মশালায় ৩১ দফা বিষয়ে বিশ্লেষণ করেন বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দীন আহমেদ ও আলহাজ্ব নবী উল্লাহ নবী। এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, হারুন উর রশীদ হারুন, আ ন ম সাইফুল ইসলাম, লিটন মাহমুদ, এসকে সিকান্দার কাদির, ফরহাদ হোসেন, বিএনপি নেতা শরীফ হোসেন, যুবদল সভাপতি খন্দকার এনামুল হক, কৃষকদল নেতা মীর কামাল তাপসসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ইসমাইল জবিউল্লাহ বলেন, আজ মুখোশধারীরা বিএনপির ভাবমুর্তি নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত। আপনারা সতর্ক থাকবেন। কোনও পাতা ফাঁদে পা দেবেন না।
বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেন, দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে, কিন্তু একটি গণতান্ত্রিক সরকার আমরা কিন্তু এখনও প্রতিষ্ঠা করতে পারিনি। আমরা এখনও ভোটের অধিকার, আমি আমার ভোট দেব, আমি আমার পছন্দের ব্যক্তিকে নির্বাচিত করব, সেটা আমরা এখনও করতে পারি নাই। এখনও অনেক ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে হচ্ছে, দেশের বিরুদ্ধে হচ্ছে। নির্বাচন দিলে হয়তো বিএনপি ক্ষমতায় আসবে এটা অনেকে সহ্য করতে পারছে না। তাই তারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছেন।
বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ বলেন, তারেক রহমান যদি দিক-নির্দেশনা না দিতেন তাহলে ফ্যাসিস্ট হাসিনার পতন হতো না। অনেক নেতাকর্মী শহীদ হয়েছেন, অনেক নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন, অনেক নেতাকর্মী এখনো আহত আছেন, এখনও তাদের সুচিকিৎসা হয়নি, এখন পর্যন্ত আমরা ঐ শহীদদের মর্যাদা দিতে পারি নাই। আমাদের অনেক কাজ বাকি আছে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেন, আমরা কোনও সন্ত্রাসী, নৈরাজ্যকারী, চাঁদাবাজের কাছে মাথানত করব না। যারা সন্ত্রাসের সঙ্গে জড়িত, যারা চাঁদাবাজের সঙ্গে জড়িত, তাদের স্পষ্টভাবে হুঁশিয়ারি করে বলতে চাই এখনও সময় আছে এগুলো বন্ধ করুন। তা না হলে আপনাদের ব্যবস্থা আমাদের নেতা তারেক রহমান করবেন।
