সিংগাইরে রিসোর্টে নিয়ে ধর্ষণের অভিযোগে মামলা

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩১ পিএম

বিয়ের প্রলোভনে মানিকগঞ্জের সিংগাইরে রিসোর্টে নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। উপজেলার জামির্ত্তা ইউনিয়নে ইঞ্জিনিয়ার মো. ইউনুসের মালিকানাধীন সায়ান রিসোর্টে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

শনিবার ( ২২ ফেব্রুয়ারি) এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার এজাহারভুক্ত আসামি কেউ গ্রেপ্তার হয়নি বলে মামলার তদন্ত কর্মকর্তা মো. ফজলুল হক নিশ্চিত করেন।

মামলার এজাহারে বলা হয়, অভিযুক্ত সালমান তারিক উপজেলার গোবিন্দল (ধাইরাপাড়া) গ্রামের আলী আকবরের ছেলে। গত বছরের ১৪ এপ্রিল অভিযুক্ত সালমান তারিকের সঙ্গে ভুক্তভোগীর পরিচয় হয়। সেই সূত্র ধরে গড়ে ওঠে প্রেম-ভালোবাসা। বিভিন্ন সময় সালমান তাকে নিয়ে পার্শ্ববর্তী সাভার এলাকায় ঘুরাঘুরির ছলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করে। সর্বশেষ ভুক্তভোগীকে বিয়ের প্রলোভনে গত বছরের ১১ আগস্ট রাতে সায়ান রিসোর্টে নিয়ে ধর্ষণ করে।

এ ঘটনার পর ভুক্তভোগী বিয়ের জন্য চাপ দেয়। সালমান টালবাহানা করলে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিয়ের দাবিতে তার বাড়িতে অবস্থান নেয়। এতে সালমান তারিকসহ তার মা জুলেখা ও ভগ্নিপতি জাহাঙ্গীর আলম ভুক্তভোগীকে বেধড়ক মারধর করে। সেই সঙ্গে তার অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয়৷ তারপর থেকে ঘটনার মূল হোতা সালমান তারিক আত্মগোপনে রয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও সিংগাইর থানার এসআই মো. ফজলুল হক বলেন, আগামী সোমবারের মধ্যে কর্তৃপক্ষ রিসোর্টের কক্ষ ভাড়া দেওয়ার প্রয়োজনীয় কাগজপত্র দেবে। আসামিদের গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এ ব্যাপারে সায়ান রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান সাইফ বলেন, অভিযোগটি সত্য না। গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে ১৩ তারিখ পর্যন্ত আমাদের রিসোর্ট পুরোপুরি বন্ধ ছিল। সেই হিসেবে এটা সঠিক না, উদ্দেশ্যপ্রণোদিত।

এদিকে ভুক্তভোগী জানান, এর আগেও একদিন আমাকে ওই রিসোর্টে নিয়ে গিয়েছিল। সেদিন জেনারেটরে আগুন লাগায় আমরা ফিরে আসি। পরে ১১ আগস্ট পুনরায় ওই রিসোর্টে গিয়ে রাত্রিযাপন করে সকালে চলে আসি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত