শরীয়তপুরের জাজিরায় বন্যপ্রাণী থেকে ফসল রক্ষার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষক দম্পতির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার বালিয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার বালিয়াকান্দি এলাকার ইদ্রিস খাঁ (৬৫) ও তার স্ত্রী শেফালী বেগম (৬০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, ইদ্রিস তার বাড়ির পাশের জমিতে ভুট্টা চাষ করতেন। সেই জমির ভুট্টা সজারু ও অন্যান্য বন্যপ্রাণী খেয়ে ফেলত। তাই ভুট্টা রক্ষা করতে ক্ষেতের চারপাশে বৈদ্যুতিক সংযোগ দিয়েছিলেন। গতকাল বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন না করে ইদ্রিস ও তার স্ত্রী ভুট্টা ক্ষেতে প্রবেশ করলে অসাবধানতাবশত ইদ্রিস বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করতে গিয়ে তার স্ত্রীও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজন মৃত্যুবরণ করেন।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুসা (৪৮) নামে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে বিদ্যাকুট গ্রামে এ ঘটনা ঘটে।
মুসা মিয়ার ভাতিজা রায়হান আহমেদ বলেন, ‘কাকা কনস্ট্রাকশন কাজের ঠিকাদার ছিলেন। বিদ্যাকুট পূর্বপাড়ায় একটি নতুন বিল্ডিংয়ে কাজ দেখতে গিয়েছিলেন। ছাদের থাকা একটি বাঁকা রড সোজা করতে গেলে ওপরে থাকা বিদ্যুতের তারে রড লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বগুড়ায় বিদ্যুস্পৃষ্টে তিনজন আহত : বগুড়ার শেরপুরে নির্মাণাধীন বহুতল ভবনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে তিনজন আহত হয়েছে। গতকাল শনিবার দুপুরে ঢাকা-বগুড়া মহাসড়ক লাগোয়া পৌর শহরের রামচন্দ্রপুরের প্রাইম ব্যাংক সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন উপজেলার চকপাথালিয়া এলাকার আবু তালেব (৪৫), ছোট ফুলবাড়ী এলাকার সোহান (১৯) ও ফরহাদ হোসেন (৪০)। তারা তিনজনই নির্মাণ শ্রমিক। প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণাধীন ভবনের পাশ দিয়ে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইন গেছে। কাজ করার সময় নির্মাণ শ্রমিকরা অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঝুলে থাকে। তাৎক্ষণাৎ স্থানীয়রা বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে খবর দেন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর তাদের উদ্ধার করা হয়।
