২০১৮ সালের বিধি অনুযায়ী সরকারি কলেজে আত্তীকৃত শিক্ষকদের বেতন সংরক্ষণসহ পাঁচ দফা দাবিতে বরিশালে বিভাগীয় শিক্ষক সমাবেশ হয়েছে। গতকাল শনিবার দুপুরে নগরীর মডেল স্কুল অ্যান্ড কলেজে সরকারি কলেজ শিক্ষক সমিতির বরিশাল আঞ্চলিক কমিটির উদ্যোগে এ সমাবেশ হয়। আওয়ামী শাসনামলে বৈষম্যের শিকার হয়েছে দাবি করে এ সমস্যাগুলো সমাধানে সরকারের উপদেষ্টাসহ শিক্ষা মন্ত্রণালয়ের দ্রুত পদক্ষেপ দাবি করেছেন শিক্ষকরা। আগামী তিন মাসের মধ্যে এ দাবি মেনে না নিলে সারা দেশের ৩২৬ কলেজের ১৫ হাজার শিক্ষক মিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষকরা।
সরকারি কলেজ শিক্ষক সমিতির বরিশাল আঞ্চলিক কমিটির সহসভাপতি এজেডএম হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সভাপতি মো. ইসাহাক।
