আউটসোর্সিং কর্মীদের অবরোধে জলকামান সাউন্ড গ্রেনেড

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৩ এএম

চাকরি স্থায়ীকরণের দাবিতে সড়ক অবরোধ করা আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ সদস্যদের ওপর জলকামান দিয়ে গরম পানি ছেটানোর পাশাপাশি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

এর আগে বিকেল ৩টার দিকে আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ সদস্যরা প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করেন। এতে পল্টন মোড় থেকে প্রেস ক্লাব হয়ে কদম ফোয়ারা এলাকায় যানবাহন চলাচল থমকে যায়। যানজট ছড়িয়ে পড়ে আশপাশের সড়কেও।

শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর বলেন, দুই ঘণ্টার বেশি সময় ধরে প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে রেখেছিলেন আউটসোর্সিং কর্মীরা। এতে সচিবালয় ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অবরোধকারীদের বারবার সড়ক থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করেন। কেউ তাতে কর্ণপাত না করায় জলকামান দিয়ে পানি ছেটানো এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। জলকামান দিয়ে পানি ছেটানোর সময় আন্দোলনকারীরা পুলিশের দিকে ইটপাটকেল ছোড়ে। পরে বিকেল ৫টার দিকে অবরোধকারী আউটসোর্সিংয়ের কর্মীরা সড়ক ছেড়ে চলে যান।  আন্দোলনকারীদের একজন নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী প্রোগ্রামার মো. শাহাবুদ্দিন বলেন, ‘রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও জলকামানের পানি ছিটিয়ে আমাদের সরিয়ে দিয়েছে। রাবার বুলেটে আমাদের ১৩/১৪ জন আহত হয়েছেন। এছাড়া ১০/১২টি সাউন্ড গ্রেনেড ছুড়েছে। আমাদের নিরপরাধ সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পুলিশ আমাদের সরিয়ে দিয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত