রাজধানীর মিরপুর ১০ নম্বরের এ ব্লকের একটি মুদি ও একটি বিরিয়ানির দোকানের শাটারের তালা কেটে চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে এই চুরির ঘটনায় অভিযোগ পেলেও গতকাল শনিবার দুপুর পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মুদি দোকানে চুরির ঘটনার সিসিটিভির ভিডিও সংগ্রহের কথা জানিয়ে পুলিশ বলেছে, একটি প্রাইভেট কারে করে তিনজন এসে দোকানের শাটারের তালা কেটে ভেতরে প্রবেশ করেন। কিছুক্ষণ পর শাটার খুলে বিভিন্ন মালপত্র বের করে নিয়ে প্রাইভেট কারে চলে যায়।
একই এলাকায় চুরি হলেও দোকান দুটির একটি পড়েছে পল্লবী থানা ও আরেকটি মিরপুর মডেল থানা এলাকায়। ফলে দুই থানায় পৃথক অভিযোগ করার কথা জানিয়েছে পুলিশ।
পল্লবী থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাত ৩টার পর ‘মা মনি স্টোর’ নামে একটি মুদি দোকানে চুরি হয়েছে। আমরা এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। ঘটনা জানার পর থেকেই আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।
