মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আগুন, হতাহত হয়নি কেউ

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৬ পিএম

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসময় আতঙ্কে রোগীরা ছুটাছুটি শুরু করেন। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রবিবার রাত সাড়ে ৯ টার দিকে হাসপাতালের নতুন ভবনের পঞ্চমতলার একটি সাধারণ ওয়ার্ডে এ আগুনের ঘটনা ঘটে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, পঞ্চমতলার একটি সাধারণ ওয়ার্ডে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। তবে আগুন ছড়াতে পারেনি। সেখানে ধুঁয়া ছড়িয়ে পড়লে রোগী ও স্বজনরা আতঙ্কিত হয়ে চারিদিকে ছুটাছুটি শুরু করে। তাৎক্ষনিক আগুন নেভানো সম্ভব হয়েছে। কোনো হতাহত হয়নি। রোগী ও স্বজনদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

এদিকে, ফায়ার সার্ভিসের টিম লিডার মো. মনিরুজ্জামান অভিযোগ করেন, হাসপাতালের নতুন ভবনে প্রবেশের প্রধান ফটক তালাবদ্ধ ছিল। এতে বিকল্প পথে ফায়ার সার্ভিসের কর্মীদের ভবনের পঞ্চমতলায় যেতে হয়েছে।

তিনি বলেন, হাসপাতাল ভবনের প্রবেশদ্বার তালাবদ্ধ থাকলে ভয়াবহ আগুন লাগলে তো বড় ধরনের ক্ষতি হতো। কাজেই এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া দরকার। 

ফটক তালাবদ্ধ থাকা প্রসঙ্গে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহমেদ কবীর বলেন, দিনের বেলায় প্রধান ফটক খোলা থাকে। তবে নিরাপত্তার খাতিরে রাতের বেলায় প্রধান ফটকে তালা দেওয়া হয়ে থাকে।

তিনি বলেন, দিনে রোগী ও স্বজনদের আনাগোনা থাকলে রাতের বেলায় নীরব হয়ে পড়ে। এসময় চোর ও মাদকসেবীদের আনাগোনা বেড়ে যায়। এ কারণে ফটকে তালা দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত