তিতাসের ‘লোক দেখানো’ অভিযানে বৈধ গ্রাহকদের ক্ষোভ

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৫ এএম

গাজীপুরের কালিয়াকৈরে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। গতকাল রবিবার দিনব্যাপী অভিযান চালিয়ে মাত্র দেড় থেকে ২০০ ফুট পাইপ জব্দ করা হয়। বৈধ গ্রাহকদের অভিযোগ, অবৈধ গ্যাস সংযোগের বিষয়টি একাধিকবার জানালেও কর্ণপাত করেননি তিতাসের লোকজন। সর্বশেষ ইউএনওকে জানালে তিতাস লোক দেখানো এ অভিযান পরিচালনা করে।

জানা গেছে, কয়েক দিন আগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে সরকারি খাদ্যগুদামের সামনে রাতের আঁধারে পৌরসভার রাস্তা কেটে কয়েকটি বাসায় নতুন করে অবৈধ গ্যাস সংযোগ দেওয়া হয়। তিতাসের চন্দ্রা জোনাল অফিসের কিছু অসাধু কর্মকর্তা ও স্থানীয় দালাল উৎকোচের বিনিময়ে এসব অবৈধ সংযোগ দেন। অবৈধ গ্যাস সংযোগের বিষয়টি একাধিকবার জানালেও কর্ণপাত করেনি তিতাসের চন্দ্রা জোনাল অফিস। পরে স্থানীয়রা বিষয়টি ইউএনও কাউছার আহাম্মদকে জানালে তিনি তিতাসের চন্দ্রা জোনাল অফিসকে অবগত করেন। 

এ ব্যাপারে তিতাসের চন্দ্রা জোনাল অফিসের সহকারী প্রকৌশলী মাসুদ বিন ইউসুফ বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তার তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান চালিয়ে প্রায় ২০০ ফুট পাইপ জব্দ করা হয়। পরে অবৈধ গ্যাস সংযোগকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ গ্যাস সংযোগকারীদের আইনের আওতায় আনা হবে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত