গাজীপুরে ছাঁটাইয়ের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৫ এএম

শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদ ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আটকে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। গতকাল রবিবার সকাল ১০টায় গাজীপুর নগরের বাসন এলাকায় তারা বিক্ষোভ শুরু করেন। পরে বেলা একটার দিকে তারা সড়ক থেকে সরে যান।

শিল্প পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে নগরীর বাসন এলাকায় হামীম গ্রুপের দ্যাটস ইট নামের কারখানার শ্রমিকরা আন্দোলনে নেমেছেন। কিছুদিন আগে ওই কারখানায় এক কর্মীর সঙ্গে কয়েক শ্রমিকের দ্বন্দ্বকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। সেই ঘটনার জেরে কারখানা কর্তৃপক্ষ ৭২ শ্রমিককে ছাঁটাই করে।

রবিবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিয়ে জানতে পারেন ৭২ শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। পরে শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানার পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসন এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকরা সকাল ১০টার দিকে মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশের কাছ থেকে আশ্বাস পেয়ে বেলা একটার দিকে শ্রমিকরা সড়ক থেকে সরে যান। এরপর সড়কে যানবাহন চলাচল শুরু হয়।

এদিকে গাজীপুর নগরের বাসন থানার অ্যাপারেলস প্লাস ইকো লিমিটেডের শ্রমিকরা একই এলাকায় অবস্থান নিয়ে কারখানা খোলার দাবি ও দুই মাসের বেতনের দাবিতে বিক্ষোভ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত