কার্সের চোটে বিপদে ইংল্যান্ড

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৩ পিএম

আফগানিস্তানের বিপক্ষে বুধবারের চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচে খেলতে পারছেন না ইংল্যান্ডের পেসার ব্রাইডন কার্স। শুধু তাই নয়, বাম পায়ের আঙুলের ফোস্কার সমস্যার কারণে পুরো টুর্নামেন্টেই তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।

২৯ বছর বয়সী কার্স শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ফোস্কার সমস্যায় ভুগেছেন এবং ৭ ওভারে ৬৯ রান দিয়ে মাত্র ১ উইকেট নিয়েছেন। তার অনুপস্থিতিতে ইংল্যান্ড দলে পরিবর্তন আসতে পারে, যেখানে জেমি ওভারটন হতে পারেন তার সম্ভাব্য পরিবর্ত হিসেবে।

যদি কার্স পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে যান, তাহলে ইংল্যান্ড নতুন খেলোয়াড় অন্তর্ভুক্ত করতে পারবে। তবে পাকিস্তানে তাদের সঙ্গে কোনো রিজার্ভ খেলোয়াড় নেই। স্পিন আক্রমণ শক্তিশালী করতে তারা লেগ-স্পিনার রেহান আহমেদকে অন্তর্ভুক্ত করতে পারে, যিনি এর আগে ভারতের বিপক্ষে দলের সঙ্গে ছিলেন।

ইংল্যান্ডের পেস আক্রমণ অস্ট্রেলিয়ার বিপক্ষে চরম ভুগেছে, ২৬.৩ ওভারে মাত্র ৩ উইকেট নিয়ে ২২৬ রান খরচ করেছে। গ্রুপ ‘বি’-তে টিকে থাকতে হলে ইংল্যান্ডকে আফগানিস্তানকে হারাতেই হবে, অন্যথায় তাদের বিদায়ের শঙ্কা রয়েছে।

এদিকে, আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কট করা উচিত কি না, তা নিয়ে বিতর্ক থাকলেও ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) নিশ্চিত করেছে, ম্যাচটি যথাসময়ে অনুষ্ঠিত হবে। আফগানিস্তানে তালেবানের নারীদের ওপর দমন-পীড়নের প্রতিবাদ হিসেবে বয়কটের প্রসঙ্গ উঠলেও ইংলিশ ব্যাটার জো রুট মনে করেন, ক্রিকেট আফগানিস্তানের মানুষকে আনন্দ ও আশা দেয়, তাই ম্যাচ বয়কটের কোনো ইতিবাচক প্রভাব পড়বে না।

লাহোরে বিবিসিকে রুট বলেছেন, ‘এটি কঠিন পরিস্থিতি, তবে ক্রিকেট আফগানিস্তানের বহু মানুষের কাছে আশার আলো। আমরা চাইবো, এই ম্যাচ যেন তাদের জন্য উৎসবের উপলক্ষ হয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত