মানিকগঞ্জের সিংগাইরে রাতের আঁধারে একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাতের কোন এক সময় উপজেলার ধল্লা ইউনিয়নের জায়গীর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) শিক্ষক ও শিক্ষার্থীরা বিদ্যালয়ে এলে এ চুরির ঘটনা দেখতে পান।
তারা জানান, রবিবার ক্লাস শেষে সকল রুম তালাবদ্ধ করে চলে যান শিক্ষকরা। সোমবার সকালে এসে দেখেন অফিস কক্ষসহ চারটি ক্লাস রুমের তালা ভেঙে পাঁচটি সিলিং ফ্যান, একটি বৈদ্যুতিক মোটর, অফিস রুমে ব্যবহৃত কিছু প্লেট ও পুরষ্কারসহ প্রয়োজনীয় জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। এছাড়াও তছনছ করেছে গুরুত্বপূর্ণ ফাইল ও কাগজপত্র।
জায়গীর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকমল হোসেন মোল্লা বলেন, আগামী শুক্রবার ছিল বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পুরস্কার বিতরণের সামগ্রীসহ মোট ৪০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে। ইতিপূর্বে চুরির ঘটনায় থানায় অভিযোগ করে ফল হয়নি বলে এ চুরির ঘটনায় তিনি অভিযোগ করেননি বলেও জানান।
এ ব্যাপারে সিংগাইর থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, এ বিষয়ে এখনো কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জাসদের উদ্বেগ