বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিকে বেশি নজর দিচ্ছে বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, ‘আগামী দিনে জাতির প্রত্যাশা একটা সুষ্ঠু, স্বাভাবিক ও সাধারণ নির্বাচন। যেটি গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার জন্য বেশি দরকার। সেই দিকে আমরা বেশি নজর দিচ্ছি। আমার বিশ্বাস, দেশে যদি একটি গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে সব ষড়যন্ত্রকে মোকাবিলা করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব।’
গতকাল সোমবার দুপুরে জাতীয় সংসদ ভবন এলাকায় বিএনপির বর্ধিত সভার প্রস্তুতির পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
বর্ধিত সভার প্রস্তুতি শেষে জানানো হয়, আগামী ২৭ ফ্রেরুয়ারি বর্ধিত সভায় ৪ হাজারের মতো নেতাকর্মী উপস্থিত থাকবেন। বর্ধিত সভা রাত পর্যন্ত চলবে।
শহীদ উদ্দিন এ্যানি বলেন, ‘ফ্যাসিবাদের দুঃশাসনের কারণে আমরা গত ১৫-১৬ বছর সাংগঠনিক তৎপরতা ও গোছানোর কাজটি ঠিকমতো করতে পারিনি। ৫ আগস্টের পর তৃণমূলে আমরা আমাদের সাংগঠনিক তৎপরতা শুরু করেছি। যার কারণে ২৭ ফেব্রুয়ারির বর্ধিত সভা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
