বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে জুলাই অভ্যুত্থানে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়া তরুণদের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামের সংগঠন। গতকাল বুধবার বিকেল সোয়া ৫টায় এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। তবে সংগঠনটির আত্মপ্রকাশকে ঘিরে দুপক্ষের মধ্যে কয়েক দফা হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে অন্তত ২ শিক্ষার্থী আহত হয়েছেন।
সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক জাহিদ আহসান। সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম। সিনিয়র সদস্য সচিব রিফাত রশীদ, মুখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী, মুখপাত্র আশরেফা খাতুন।
অন্যদিকে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল কাদের এবং সদস্য সচিব হিসেবে মহির আলম। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন লিমন মাহমুদ হাসান, মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম, মুখপাত্র রাফিয়া রেহনুমা হৃদি।
এর আগে বিকেল ৪টায় ছাত্র সংগঠন ঘোষণা দেওয়ার আগেই কমিটিতে ‘বৈষম্য’ হয়েছে দাবি করে মিছিল শুরু করে একদল শিক্ষার্থী। শিক্ষার্থীদের দাবি সাবেক সমন্বয়ক রিফাত রশীদকে কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ পদ না দেওয়ায় তারা বিক্ষোভ করছেন। এছাড়া তাদের দাবি, উত্তরা পূর্ব ও পশ্চিমে কমিটি না দেওয়ায় বিদ্রোহ করেছেন শিক্ষার্থীরা।
পরে বিকেল ৪টার পরে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মধুর ক্যান্টিনে এসে নতুন ছাত্রসংগঠনের নাম ও দায়িত্বপ্রাপ্ত নেতাদের নাম ঘোষণা করেন। এরপর তারা মিছিল নিয়ে মল চত্বরের দিকে এগিয়ে যান। সেখানে পদবঞ্চিত দাবি করে বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে তাদের দ্বিতীয় দফায় হাতাহাতির ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় দুপক্ষ আরেক দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে।
শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মিশু আলী (২৪) ও প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন বিভাগের আকিবুল হাসান (২৫) নামের দুই শিক্ষার্থী আহত হন। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
মঞ্জুরুল ইসলাম নামের এক শিক্ষার্থী বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের এখনো উত্তরার পূর্ব ও পশ্চিমে কমিটি দেওয়া হয়নি। তারা এখন নতুন দল ঘোষণা করতে চাচ্ছেন। এটা অবশ্যই বৈষম্য।
নবঘোষিত সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবু বাকের সমন্বয়কের দায়িত্বে ছিলেন। এর আগে ২০২৩ সালে আখতার ও নাহিদের গড়া সংগঠন ছাত্রশক্তির ঢাবি শাখার সদস্য সচিব ছিলেন।
সদস্য সচিব জাহিদ আহসান ২০১৮-২০১৯ সেশনের ঢাবির শিক্ষার্থী। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক ছিলেন। জাহিদ এক সময় ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক ছিলেন। ছাত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসসির চৌধুরী এবং মুখপাত্র আশরেফা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আবদুল কাদের বিশ্ববিদ্যালয়ের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী। সদস্য সচিব মহির আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। মুখ্য সংগঠক হয়েছেন হাসিব আল ইসলাম আর মুখপাত্র রাফিয়া রেহনুমা হৃদি দুজনই বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই দুই সমন্বয়ক গণতান্ত্রিক ছাত্রশক্তিরও নেতা ছিলেন।
রাতে সড়ক অবরোধের পর বৃহস্পতিবার বিক্ষোভের ডাক : নতুন ছাত্রসংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কারণ হিসেবে বলা হয়েছে, সেই কমিটিতে ঢাবি শিক্ষার্থীরা নিজেদের মধ্যেই পদ ভাগাভাগি করেছে, যেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপেক্ষিত। আগামীকাল শুক্রবারের মধ্যে কমিটির বিষয়ে যাবতীয় ইস্যু সমাধানে আলটিমেটামও দিয়েছেন তারা। কমিটি ঘোষণাকে কেন্দ্র করে হাতাহাতি এবং মারামারির প্রতিবাদে গতকাল রাত সাড়ে ৮টায় আয়োজিত সংবাদ সম্মেলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন ছাত্রসংগঠনের কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেন। পরে রাত সাড়ে ১০টার দিকে তারা রাজধানীর বাংলা মোটরে অবস্থান নেন। সেখানে সড়ক অবরোধ করেন তারা। এতে একপর্যায়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, মধুর ক্যান্টিনে হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচি পালন করবেন তারা। আর ২৮ তারিখের মধ্যে কমিটি নিয়ে সমাধান না দিলে ‘ঢাকা ব্লকেড কর্মসূচি’ ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এম জে এইচ মঞ্জু জানান, আজ বাংলা মোটর থেকে শাহবাগ চত্বর পর্যন্ত বিক্ষোভ মিছিল করবেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিছিল শেষে তাদের পক্ষ থেকে কিছু দাবিদাওয়া পেশ করা হবে।
কমিটি প্রণয়নকারীরা যতক্ষণ পর্যন্ত নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা না চাইবে এবং কমিটি পুনর্গঠন না করবে, তাদের কোনো কর্মসূচিতেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে না বলেও জানান বিক্ষোভকারীরা।
