গডমাদার মাফিয়ার বাংলাদেশ চাই না : ডা. শফিকুর

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২০ এএম

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গডমাদার, ফ্যাসিবাদী আর মাফিয়াদের বাংলাদেশ চাই না। আমরা চাই বৈষম্যহীন মানবিক বাংলাদেশ। গতকাল বুধবার দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে জেলা জামায়াত আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, মেজরিটি মাইনরিটি জানিনা। এদেশে জন্ম নেয়া সবাই এদেশের গর্বিত নাগরিক। আমরা দল, ধর্ম ও বর্ণের নামে ভাগবাটোয়ারা করতে চাই না। অতীতের স্বৈরাচারী সরকার জাতিকে ভেঙে টুকরো টুকরো করে মুখোমুখি লাগিয়ে  রেখেছিল। যে জাতি বিভক্ত সে জাতি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। স্বাধীনতার ৫৪ বছর হয়ে গেল আর কতদিন আমাদের টুকরো টুকরো করে রাখবে। তিনি আরও বলেন, ভারত আমাদের নিকটতম প্রতিবেশী দেশ। একই বিশ্বসভায় সদস্য। আমরা ভারতকে অহেতুক কষ্ট দিতে চাইনা। কিন্তু অন্যায় অমানবিক, অহেতুক কোনো অসম্মানজনক কিছু চাপাতে বা কষ্ট দেয়, তাহলে দেশের স্বার্থে সেদিন ভূমিকা পালন করতে আমরা কারো চোখের দিকে তাকাব না।

ডা. শফিকুর রহমান বলেন, ১৯৭২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত যে সব অন্যায় অবিচার ঘটেছে তা জাতিসংঘের সহযোগিতায় অনুসন্ধান করে জাতির সামনে শ্বেতপত্র প্রকাশ করতে হবে । তিনি দুর্নীতিমুক্ত দুঃশাসন ও মানবিক বাংলাদেশ গড়তে জাতীয় বীর জাতির সূর্য সন্তানদের আবার গর্জে উঠার আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত