খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় আগামী মার্চ ও এপ্রিল মাসে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল দেওয়া হবে দেশের ৫০ লাখ পরিবারকে। এ ছাড়া বর্তমান অন্তর্বর্তী সরকার ঈদ উপলক্ষে উপহার হিসেবে এক কোটি নিম্নবিত্ত পরিবারকে বিনামূল্যে ১০ কেজি করে চাল দেবে। গতকাল বৃহস্পতিবার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ‘ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি’-বিষয়ক এক মতবিনিময় সভায় এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
খাদ্য উপদেষ্টা রমজান মাসে নিম্ন আয়ের মানুষের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ করা চাল যাতে সঠিকভাবে বিতরণ করা হয়, সে বিষয়টি নিবিড়ভাবে মনিটরিংয়ের জন্য ঢাকা বিভাগের সব জেলা প্রশাসকদের নির্দেশনা দেন। খাদ্যবান্ধব কর্মসূচি এবং ওএমএসের মাধ্যমে চাল বিতরণে স্থানীয় পর্যায়ে যেসব সমস্যা আছে, সে বিষয়ে জেলা প্রশাসকরা উপদেষ্টাকে অবহিত করেন। উপদেষ্টা কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান দেন এবং অবশিষ্ট সমস্যাগুলো দ্রুতই সমাধানের আশ্বাসও দেন।
খাদ্য উপদেষ্টা বলেন, দেশে বর্তমানে যথেষ্ট পরিমাণ খাদ্য মজুদ আছে। খাদ্যের কোনো ঘাটতি নেই। তবে খাদ্যশস্য বিতরণে কিছুটা শৃঙ্খলার অভাব রয়েছে। এজন্য নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার জন্য জেলা প্রশাসকদের পরামর্শ দেওয়া হয়েছে।
