আগে স্থানীয় সরকার নির্বাচন ও সংস্কার চায় জামায়াত: পরওয়ার

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪১ পিএম

জাতীয় সরকারের আগে গণহত্যার বিচার, সংস্কার ও স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘২ হাজার ছাত্র-জনতার তাজা রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছেন। গত ৫৪ বছরে বাংলাদেশের সকল কিছু ভঙ্গুর অবস্থায় ফেলা রাখা হয়েছে। সেসব স্থানে সংস্কার করা দরকার। এজন্য বর্তমান সরকারকে সময় দিতে হবে। দেশ পুনর্গঠনের জন্য অনেক কিছু নতুন করে সাজাতে হবে। অনেক আইন নতুন করে বানাতে হবে। শুধু মাত্র একটি নির্বাচনই দেশ গঠনের সব কিছু নয়।’

তিনি বলেন, ‘বর্তমানে সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলা পর্যায়ে কোনও জনপ্রতিনিধি নেই। এ কারণে অবকাঠামো নির্মাণ, অগ্রগতি উন্নয়ন ব্যাহত হচ্ছে। রিলিফ, ভিজিডি, কাবিখা ইত্যাদির জন্য জনগণ জনপ্রতিনিধিদের কাছে আসে। কিন্তু তারা এসব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘অনেকে মনে করেন, নিরপেক্ষভাবে স্থানীয় নির্বাচন হলে চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও দখলবাজরা জয়ী হতে পারবে না। ফলে তারা যদি কায়দা করে একবার সরাকারে যাইতে পারে তাহলে কেটেকুটে আবারও পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা ওগুলোও নিয়ে নিবে। তাই তারা আগে জাতীয় নির্বাচন চায়। কিন্তু আমরা চাই, আগে নিরপেক্ষ ও শান্তি পূর্ণ স্থানীয় সরকার নির্বাচন হোক।’

গোলাম পরওয়ার বলেন, ‘শেখ হাসিনাসহ যাদের নামে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গণহত্যার দায়ে মামলা হয়েছে তাদের বিচার করতে হবে। গণহত্যাকারীদের বিচার, সংস্কার ও স্থানীয় নির্বাচনের আগে কখনোই জাতীয় নির্বাচন করা যাবে না।’

জামায়াতের জেলা আমির এ্যাড. মো. নুরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল এ এইস এম হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. দেলোয়ার হোসেন ও অন্যান্য নেতৃবৃন্দ। এর আগে সকাল থেকেই জেলার বিভিন্ন অঞ্চল থেকে মিছিল নিয়ে জামায়াতের নেতাকর্মীরা সম্মেলন স্থানে জড়ো হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত