যুগ্ম সচিব পরিচয়ে দুই প্রভাষকের কাছে চাঁদা দাবি, থানায় অভিযোগ

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৮ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজের দুই প্রভাষকের কাছে যুগ্ম সচিব পরিচয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। এ নিয়ে কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ওই কলেজের প্রভাষক মানিক চন্দ্র দেবনাথ।

জানা যায়, ২৭ ফেব্রুয়ারি বিকেলে অধ্যক্ষ মোস্তফা কামাল প্রভাষক নীলকণ্ঠ আইচ মজুমদারকে ফোন করে একটি মোবাইল নম্বর দিয়ে বলেন— ‘শিক্ষা মন্ত্রণালয়ের জয়েন সেক্রেটারি আপনাকে খুঁজছে, তাড়াতাড়ি আপনি তাকে ফোন দেন’।

এ সময় কলেজের অন্য প্রভাষক মানিক চন্দ্র দেবনাথকেও খুঁজছে বলে উল্লেখ করেন। কিছুক্ষণ পর অধ্যক্ষের দেওয়া নম্বরে কল করেন মানিক চন্দ্র দেবনাথ। এসময় তিনি (অধ্যক্ষের দেওয়া নম্বরের ব্যক্তি) নিজেকে যুগ্ম সচিব পরিচয় দিয়ে প্রভাষক মানিক চন্দ্র দেবনাথের কাছে ২ লাখ টাকা চান। না দিলে তার সমস্যা হবে বলে হুমকি দেন। মোবাইলে চাঁদা চাওয়ার কলরেকর্ড বারবার শোনার পর মানিক চন্দ্র দেবনাথের সন্দেহ হয়। পরে বিষয়টি নিয়ে তিনি থানায় একটি লিখিত অভিযোগ করেন।

মানিক চন্দ্র দেবনাথ জানান, বিভিন্ন সময়ে কলেজের শিক্ষকদের সঙ্গে অশোভন আচরণ, শারীরিকভাবে শিক্ষকদের লাঞ্ছিত করাসহ কলেজে ব্যাপক অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়ায় অধ্যক্ষের বিরুদ্ধে কলেজের সব প্রভাষক মিলে গত ২৫ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি অভিযোগ করা হয়। সন্দেহ হচ্ছে এর বদলা নিতেই তিনি ওই যুগ্ম সচিবের নাটকটি মঞ্চস্থ করেছেন। আমি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।

বিষয়টি নিয়ে অধ্যক্ষ মোস্তফা কামাল বলেন, আমাকে শিক্ষা মন্ত্রণালয়ের আঞ্চলিক অফিস থেকে ফোন করে ওই নম্বরটি দেওয়া হয় এবং যুগ্ম সচিবের বলে জানানো হয়।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. ওবায়দুর রহমান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত