শরীয়তপুরের পদ্মা-মেঘনার ২০ কিলোমিটার এলাকার অভয়াশ্রমে ইলিশসহ সব ধরনের মাছ ধরায় দুই মাসের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। আজ ১ মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত টানা দুই মাস এ নিষেধাজ্ঞা থাকবে। এরই মধ্যে অভয়াশ্রম এলাকা থেকে জেলেরা জাল-নৌকাসহ মাছ ধরার সরঞ্জাম নিয়ে সরে যাচ্ছেন। এই সময়ে জেলেদের প্রণোদনা হিসেবে ধাপে ধাপে ৪০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। এদিকে, দুই মাসের বেকারত্ব নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন জেলেরা।
জেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসান বলেন, ‘জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ থেকে জেলেদের নিয়ে মতবিনিময়, লিফলেট বিতরণ ও মাইকিং করেছি। কোনো জেলে যদি অসৎ উপায়ে মাছ ধরতে নামে তাহলে তাদের আইনের আওতায় আনা হবে। জাটকা সংরক্ষণ অভিযান সফল করতে টাস্কফোর্সের সদস্যরা পর্যায়ক্রমে ২৪ ঘণ্টা নদীতে টহল দিতে প্রস্তুতি নিয়েছে।
