বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক আনসার ও ভিডিপি সদস্য গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
আনসারের আহত ওই সদস্যের নাম মুহাম্মদ নুরুন্নবী (৪৮)। তিনি নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত শফিকুর রহমানের ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী স্থানীয়দের বরাত দিয়ে জানান, মিয়ানমারের অভ্যন্তরে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরিত নুরুন্নবী গুরুতর আহত হন। তাকে এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজারের উখিয়া উপজেলার এমএসএফ হাসপাতালে নেওয়া হয়।
স্থানীয়রা জানায়, বিকেলে সীমান্তের ৪২ নম্বর পিলার এলাকায় পাখি শিকার করতে গিয়েছিলেন নুরুন্নবী।
