বাজার মনিটরিং

ভোজ্য তেল নিয়ে খাতুনগঞ্জের ব্যবসায়ীদের সতর্ক করলেন মেয়র 

আপডেট : ০৩ মার্চ ২০২৫, ০৯:২৪ পিএম

ভোজ্য তেল মজুদ করে বাজার সংকট সৃষ্টির বিষয়ে চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ীদের সতর্ক করলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। সোমবার (৩ মার্চ) বিকেলে বাজার মনিটরিংয়ে একসঙ্গে খাতুনগঞ্জ যান মেয়র শাহাদাত হোসেন ও জেলা প্রশাসক ফরিদা খানম। এসময় তারা বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য মজুদ ও মূল্য তালিকা যাচাই করেন।

সোমবার (৩ মার্চ) বিকেলে বাজার মনিটরিংয়ে গিয়ে মেয়র বলেন, ‘ভোজ্য তেল কোন জায়গায় পাওয়া যাচ্ছে না। অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন জায়গায় তেল মজুদ করে রাখার কারণে বাজারে সরবরাহ ঘাটতি সৃষ্টি হয়েছে। এর ফলে তেলের দাম বেড়ে গেছে। বাজারে অস্থিরতা কমাতে কঠোর অবস্থানে রয়েছে সিটি কর্পোরেশন।’

বাজার মনিটরিংয়ে একসঙ্গে খাতুনগঞ্জ যান মেয়র শাহাদাত হোসেন ও জেলা প্রশাসক ফরিদা খানম। এসময় তারা বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য মজুদ ও মূল্য তালিকা যাচাই করেন। 

এসময় মেয়র সাংবাদিকদের বলেন, ‘সারা পৃথিবীতে আমরা দেখেছি বিশেষ করে যে মুসলিম রাষ্ট্রগুলোতে রোজা আসলে ভর্তুকিতে অনেকটা কম মূল্যে তারা নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করে। কিন্তু বাংলাদেশ একমাত্র দেশ যেখানে আমরা দেখেছি রোজা আসলে কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ খুঁজে কীভাবে আরো টাকা ইনকাম করা যায়।’

তিনি বলেন, ‘এই মনিটরিংয়ের মাধ্যমে শুধু ভোজ্য তেল নয় নিত্য প্রয়োজনীয় যত পণ্য আছে সবকিছুর দাম যাতে সহনীয় পর্যায়ে রাখা যায় এবং প্রত্যেকটা পণ্যের মূল্য তালিকা যাতে টাঙানো হয়- এ ব্যাপারে আমরা ব্যবসায়ীদের বলেছি।’

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, সহকারী কমিশনার মো. ইসরাফিল জাহান, শাকিব শাহরিয়ার, রাইয়ান ফেরদৌস, ফারজানা রহমান মীম, আসিফ জাহান সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা এদিন স্টিল কাচা বাজারে অভিযান চালিয়ে দোকানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা,  বিভিন্ন পণ্যে ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত দাম নেয়ার অপরাধে ৬টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অংকের জরিমানা করেছে। ভোক্তা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপ পরিচালক ফয়েজ উল্লাহ অভিযানে নেতৃত্ব দেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত