ঢাকা লিগে শাইনপুকুর-ব্রাদার্সের ব্যাটসম্যানদের দাপট

আপডেট : ০৪ মার্চ ২০২৫, ০১:০৩ পিএম

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) দ্বিতীয় রাউন্ডে রান উৎসবে মেতেছে ব্যাটসম্যানরা। বিকেএসপি ও মিরপুরে অনুষ্ঠিত দুই ম্যাচেই বড় সংগ্রহ গড়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) চার নম্বর মাঠে পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নামে শাইনপুকুর। দারুণ ব্যাটিংয়ে ৫০ ওভারে ৫ উইকেটে ২৯৮ রান তোলে দলটি।

তিন নম্বরে নেমে অনিক সরকার ৬৫ বলে ৫৯ রান করেন। ইনিংসের শেষে অধিনায়ক রায়ান রাফসান রহমান ৮১ বলে ৮৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন, যেখানে ছিল ৭টি চার ও ৩টি ছক্কার মার। পারটেক্সের বোলারদের মধ্যে মোহর শেখ, আলাউদ্দিন বাবু, মো. শহিদুল ইসলাম, মুক্তার আলি ও আহরার আমিন পিয়ান নেন একটি করে উইকেট।

অন্যদিকে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ধানমন্ডি স্পোর্টিং ক্লাবের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। প্রথম উইকেটের জন্য ৯৯ রানের জুটি গড়েন ওপেনাররা।

ইমতিয়াজ হোসেন ৭৫ বলে ৫০ রান করে কামরুল ইসলাম রাব্বির বলে বোল্ড হন। অন্য ওপেনার মাহফুজুল ইসলাম রবিন ৮৪ রান করেন। মিজানুর রহমান ৭৩ রান করে আহত হয়ে মাঠ ছাড়েন। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৫ উইকেটে ২৬২ রান তোলে ব্রাদার্স। ধানমন্ডির হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন কামরুল ইসলাম রাব্বি।

দুই ম্যাচেই প্রথম ইনিংসে ব্যাট করা দলগুলো বড় সংগ্রহ দাঁড় করিয়েছে। এখন পারটেক্স স্পোর্টিং ক্লাব ও ধানমন্ডি স্পোর্টিং ক্লাবের ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জ বড় লক্ষ্য তাড়া করার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত