পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার সেনানিবাসে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় ১৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১৩ জন বেসামরিক ও পাঁচ জন সেনাসদস্য। বুধবার এক বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করে।
মঙ্গলবার সন্ধ্যায় বান্নু ক্যান্টনমেন্টে দুটি বিস্ফোরকভর্তি ভ্যান ঢুকে পড়ে। তার পরই ঘটে বিস্ফোরণ। খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় এই হামলা হয়। এটি দেশটির সাবেক স্বশাসিত নৃগোষ্ঠীদের এলাকা সংলগ্ন। পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ বলছে, আত্মঘাতী হামলায় জড়িত চার জঙ্গি গাড়ি বিস্ফোরণে আর বাকিরা সেনা কর্মকর্তাদের গুলিতে নিহত হয়েছেন। পুলিশের এক কর্মকর্তা জানান, বিস্ফোরণের দমকে দুটি চার ফুট গভীর গর্ত সৃষ্টি হয়েছে।
হামলার দায় স্বীকার করেছে হাফিজ গুল বাহাদুর নামের একটি সশস্ত্র সংগঠন। এই সংগঠনটি ২০০১ সাল থেকে আফগানিস্তানে ন্যাটো জোটের বিরুদ্ধে তালেবানদের যুদ্ধে সমর্থন জুগিয়ে গেছে।
