লেবাননে বাংলাদেশি কর্মী পাঠানোয় নিষেধাজ্ঞা প্রত্যাহার

আপডেট : ০৬ মার্চ ২০২৫, ০৬:৪৩ এএম

বাংলাদেশ থেকে লেবাননে কর্মী পাঠানোর বিষয়ে যে স্থগিতাদেশ ছিল, তা প্রত্যাহার করা হয়েছে। এর আগে দেশটিতে যুদ্ধ পরিস্থিতি অস্বাভাবিক হয়ে যাওয়ায় কর্মী পাঠানো বন্ধ ছিল।

পরিস্থিতি উন্নতি হওয়ায় এখন থেকে বাংলাদেশি কর্মীরা আবার লেবাননে যেতে পারবেন।

গতকাল বুধবার লেবাননের বাংলাদেশ দূতাবাসের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, লেবাননে  শর্তসাপেক্ষে কর্মী পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে। শর্ত হলো প্রতিটি চাহিদাপত্র অবশ্যই বৈরুতের বাংলাদেশ দূতাবাস থেকে সত্যায়িত  থাকতে হবে। ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের দক্ষিণাঞ্চল ছাড়া অন্যান্য এলাকায় উপযুক্ত কর্মপরিবেশ সাপেক্ষে কর্মী পাঠাতে হবে।

 উল্লেখ্য, গত বছর ৮ আগস্ট বৈরুতের বাংলাদেশ দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে লেবাননে যেতে ইচ্ছুক কর্মীদের দেশটি ভ্রমণের পরামর্শ দেওয়া হয়।

একই সঙ্গে  অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বাংলাদেশ থেকে লেবাননে গমনেচ্ছু কর্মীদের দেশটিতে গমন না করার বিষয়ে সরকার সিদ্ধান্ত গ্রহণ করে। এর  পরিপ্রেক্ষিতে গত বছর ১৩ আগস্ট প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে লেবাননে বাংলাদেশি কর্মীদের না যাওয়ার জন্য এক বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়।

এই সময় থেকেই গত ৭ মাস ধরেই লেবাননে কর্মীদের যাওয়া বন্ধ ছিল। দেশটির যুদ্ধ পরিস্থিতিতে সে দেশ থেকে বাংলাদেশি কর্মীদের ফিরিয়ে আনতে শুরু করে সরকার। লেবানন থেকে গত বছর ২১ অক্টোবর থেকে বিশেষ ফ্লাইটে বাংলাদেশিদের ফেরত আনা শুরু হয়। এরপর ধাপে ধাপে ১৯টি ফ্লাইটে মোট ১ হাজার ২৪৬ জন বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়।

বৈরুতের বাংলাদেশ দূতাবাস থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে সম্প্রতি জানানো হয়, লেবাননের যুদ্ধ পরিস্থিতির এখন উন্নতি হয়েছে। বিভিন্ন এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে কর্মী এখন সেখানে পাঠানো যেতে পারে। বৈরুতের এ প্রস্তাবের বিষয়ে কর্মী পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত