ম্যাচের পুরোটা সময় পিএসজির আক্রমণের সামনে কোণঠাসা হয়ে পড়েছিল লিভারপুল। ৭১ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২৭টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখে পিএসজি। কিন্তু গোল হয়নি। শেষ পর্যন্ত হার্ভে এলিয়টের একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশ ক্লাব লিভারপুল। শেষ দিকে বদলি নামার ৪৭ সেকেন্ড পরই গোল করেন এলিয়ট।
বুধবার রাতে পিএসজির মাঠে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচটিতে তুমুল লড়াই হয়েছে। শুরু থেকেই আক্রমণাত্বক ফুটবল খেলেছে পিএসজি। কিন্তু কিছুতেই গোল হচ্ছিল না। ৮৭তম মিনিটে বদলি নামান হয় ২১ বছর বয়সী ইংলিশ উইঙ্গার এলিয়টকে। এর ৪৭ সেকেন্ড পরই নিজের প্রথম স্পর্শে গোলটি করেন এই তরুণ। বিস্ময়করভাবে এটা ছিল গোটা ম্যাচে লক্ষ্যে থাকা লিভারপুলের প্রথম এবং একমাত্র শট!
গোলের জন্য পিএসজির ২৭টি শটের বিপরীতে লিভারপুল নিয়েছে মাত্র ২টি। তবে লিভারপুলকে ম্যাচে রাখার পুরো কৃতিত্ব আলিসনের। ম্যাচে মোট ৯টি দুর্দান্ত সেভ করেন এই ব্রাজিলিয়ান গোলরক্ষক। নাটকীয় এই জয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে কিছুটা এগিয়ে রইল লিভারপুল। অন্যদিকে সব প্রতিযোগিতা মিলিয়ে পিএসজির টানা ২০ ম্যাচের অপরাজেয় যাত্রায় ছেদ পড়ল। আগামী মঙ্গলবার অ্যানফিল্ডে হবে ফিরতি লেগ।
রাফিনহার গোলে জয় পেল ১০ জনের বার্সেলোনা
অবসর নয়, মুশফিককে বিদায় সম্ভাষণ মাহমদুউল্লাহর