উপদেষ্টাদের কেউ কেউ বিএনপি বিদ্বেষী : রিজভী

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০১:৪৫ এএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ‘ড. ইউনূসের মতো আন্তর্জাতিক সম্মানিত মানুষ আজকের সরকারপ্রধান হয়েছেন। তার কাছ থেকে সবসময় দেশের মানুষ ইতিবাচক দৃষ্টিভঙ্গি আশা করে। আমার মনে হয়, অন্তর্বর্তী সরকারের ভেতরেও কিছু বিএনপিবিদ্বেষী উপদেষ্টা রয়েছেন। বিএনপি যদি কারও নামে সুপারিশ করে তাহলে উনারা খুব বিব্রত ও ঈর্ষান্বিত হন। ঈর্ষান্বিত হয়ে সেটাকে তারা বাইপাস করার চেষ্টা করেন। বিএনপি ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে দলটির এমপিসহ অনেকেই নিরুদ্দেশ হয়েছে। এ গণতন্ত্রের লড়াইয়ে চ্যাম্পিয়নের পতাকা বহন করতে গিয়ে যিনি নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন তিনি বেগম খালেদা জিয়া। এটা তারা অনেকেই হয়তো ভুলে গেছেন।’ গতকাল বৃহস্পতিবার পল্লবীতে ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘দেশে আইনের শাসন নিশ্চিত থাকলে মব সংস্কৃতি তৈরি হতো না। আইনশৃঙ্খলা বাহিনী ঠিকভাবে কাজ করছে না। এর ফলে ভয়ংকর পরিবেশ তৈরি হচ্ছে। বিষয়টির দিকে সরকারের নজর দেওয়া উচিত। সামাজিক অনাচার ভাঙার দায়িত্ব সরকারের। অনেকের রক্তের বিনিময়ে বর্তমান সরকার এসেছে। তাদের মধ্যে স্বৈরাচারের কোনো বৈশিষ্ট্য যাতে না থাকে। নির্বাচিত সংসদ সংস্কারকাজ সম্পন্ন করবে। কিন্তু এ সরকার নির্বাচনের তারিখ ঘোষণায় বিলম্ব করছে।’তিনি বলেন, ‘জিয়াউর রহমানের সময়ে মানুষ ঘরের দরজা খুলে ঘুমাতে পারত। চাঁদাবাজি-রাহাজানি-ছিনতাই বন্ধ হয়ে গিয়েছিল। এসব অনেক কারণেই জিয়াউর রহমান আজও সবার কাছে জনপ্রিয়। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি করা খাদ্যশস্য উৎপাদন করাসহ অনেক কাজ করেছেন। মানুষের জন্য ভালো কাজ করতে বেশি সময় লাগে না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত