দীর্ঘদিন পর আবারও বাংলাদেশের মাটিতে টেস্ট খেলতে আসছে জিম্বাবুয়ে। দুই ম্যাচের সিরিজ খেলতে আগামী ১৫ এপ্রিল ঢাকায় পা রাখবে দলটি। তবে এবারের সিরিজে থাকছে চমক— টেস্ট আয়োজনের জন্য এবারও মিরপুরকে এড়িয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে সিলেট ও চট্টগ্রামে টেস্ট আয়োজন করেছিল বিসিবি। এবারও একই পরিকল্পনায় এগোচ্ছে তারা। ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ২৮ এপ্রিল থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামকে টেস্ট সূচি থেকে বাদ দেওয়ার সম্ভাব্য কারণ হিসেবে উঠে আসছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) বিষয়টি। বর্তমানে লিগের প্রথম রাউন্ডেই মিরপুরে হচ্ছে প্রতিদিন দুটি করে ম্যাচ। লিগের বাকি অংশেও নিয়মিত ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সম্প্রতি মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচও অনুষ্ঠিত হয়েছে এখানেই।
শেষবার ২০২০ সালে একমাত্র টেস্ট খেলতে বাংলাদেশ সফরে এসেছিল জিম্বাবুয়ে। সে ম্যাচে ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে পরাজিত হয় সফরকারীরা। যদিও ২০২৪ সালে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল তারা, যেখানে ৪-১ ব্যবধানে সিরিজ হারে জিম্বাবুয়ে।
মিরপুরের বাইরে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজে বাংলাদেশের পারফরম্যান্স কেমন হয়, সেটিই এখন দেখার অপেক্ষা।
চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের আগে আত্মবিশ্বাসী শুবমান গিল
সুদানের বিপক্ষে ম্যাচটি হয়নি