‘শিশু ধর্ষকের’ ফাঁসির দাবিতে ছাত্র-জনতার আদালত চত্বর ঘেরাও 

আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০৭:৪৫ পিএম

মাগুরায় ধর্ষিতা শিশুর আসামিদের ফাঁসির দাবিতে আদালত চত্বরে অবস্থান নিয়েছেন মাগুরার ছাত্র-জনতা। আজ রবিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তারা আদালত চত্বরে অবস্থান নেন। ২৪ ঘণ্টার ভেতর শিশুর ধর্ষকের ফাঁসি আদেশ না হওয়া পর্যন্ত তারা অবস্থান থেকে নড়বেন না বলে ঘোষণা দিয়েছেন। এর আগে সকালে শহরে বিক্ষোভ মিছিল শেষে তারা মাগুরা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের সামনে অবস্থান নেন।

সমাবেশে যোগ দেওয়া মাগুরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শায়েদ হাসান টগর বলেন, আমরা কথা দিচ্ছি ধর্ষকদের পক্ষে মাগুরার কোনও আইনজীবী আদালতে দাঁড়াবে না।

সমাবেশে বক্তারা বলেন, অতীতে ধর্ষকরা পার পেয়ে গেছে বলেই এখন এমন দুঃসাহস দেখাচ্ছে ধর্ষকরা। এ সময় ২৪ ঘণ্টার ভেতর দোষীদের ফাঁসি দিতে হবে অন্যথায় আমরা এখান থেকে যাব না বলে জানান আন্দোলনকারীরা। সমাবেশে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার সেলিম হোসেন, সাদিয়া ইসলাম, রকিবুল ইসলাম, সুবর্ণা প্রমুখ।

আন্দোলনকারীরা রাস্তার ওপর জোহরের নামাজ আদায় করেন। এ সময় সেনা সদস্যরা সেখানে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। সেনাসদস্যদের আশ্বাসে আন্দোলনকারীরা সেখান থেকে সরে গিয়ে শহরের ভায়না মোড়ে মাগুরা-ঢাকা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। এ সময় রাস্তার উভয় পাশে কয়েক শ গাড়ি দাঁড়িয়ে যায়। ফলে যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত