বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘বিএনপি ধর্মবান্ধব রাজনৈতিক দল কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি করে না। বিএনপি ধর্মীয় অনুশাসন মেনে জনসাধারনকে আদর্শ জাতি গঠনে উদ্বুদ্ধ করে, বেহেশতে যাওয়ার টিকিট বিক্রি করে না।’
রবিবার বিকালে ধোবাউড়া উপজেলার আলেম, ওলামা, ইসলামী চিন্তাবিদ, মসজিদের ইমাম ও এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
প্রিন্স বলেন, ‘বিএনপি ধর্মীয় মূল্যবোধ, ধর্মীয় স্বাধীনতা, সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা-বিশ্বাস ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। বিএনপি বিশ্বাস করে, মুসলমান জনগোষ্ঠীর মধ্যে ইসলামী মূল্যবোধ এবং সংস্কৃতির বিকাশ ঘটলে মুসলমান সংখ্যাগরিষ্ঠ এই দেশে শান্তি, ন্যায্যতা, মানবিকতা প্রতিষ্ঠিত হবে।’
তিনি বলেন, ‘স্বাধীনতা পরবর্তীকালে আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতার নামে ধর্মহীনতা চাপিয়ে দিয়েছিল। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রহিম এবং ধর্মনিরপেক্ষতার পরিবর্তে ধর্মীয় মূল্যবোধ ও সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস সংযোজন করে সংখ্যা গরিষ্ঠ মানূষের অনুভুতির প্রতি সম্মান জানিয়েছেন। বিএনপি শহীদ জিয়ার সেই নীতি ধারণ করে চলেছে।
এ সময় বিএনপির বিরুদ্ধে মহল বিশেষের অপপ্রচারে বিভ্রান্ত না হতে আলেম ওলামাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ষড়যন্ত্র চক্রান্ত করে বিএনপির অগ্রযাত্রা কেউ রোধ করতে পারবে না।
ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সদস্য সচিব আনিসুর রহমান মানিকের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনায় বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মফিজ উদ্দিন, দক্ষিণ মাইজপাড়া ফতেমতুজ্জোরা মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা শহিদুল্লাহ, ধোবাউড়া বাজার জামে মসজিদের ইমাম মাওলানা নজিম উদ্দিন, ধোবাউড়া মোহাম্মদীইয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবদুল মান্নান, ধোবাউড়া বাইতুল হামদ একাডেমীর সিনিয়র শিক্ষক মাওলানা আবুল হাশিম, ওলামা দল নেতা মাওলানা ওবায়দুল হক, মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।
