রাজধানীর হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ মোহাম্মাদ সাইফুর রহমান ভূঁইয়াকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার ভোরে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
জানা গেছে, সাইফুর রহমান ভূঁইয়া পরিবার নিয়ে শান্তিনগর এলাকায় থাকতেন। তবে কিছুদিন আগে থেকে তিনি উত্তরার উত্তরখান থানা এলাকায় একটি ভাড়া বাসায় মাঝেমধ্যে থাকতেন। রবিবার রাতে সেই বাসায় একাই ছিলেন বলে জানা গেছে।
ওই কলেজের সাবেক শিক্ষার্থী রেজাউল রায়হান বলেন, ‘সাইফুর রহমান স্যারকে ভোর রাতে (সাহরির সময়) হত্যা করা হয়েছে। তার গলায় ও মাথায় রামদার কোপের দাগ রয়েছে।’
রেজাউল রায়হান আরও বলেন, ‘সরকার পরিবর্তনের পর শিক্ষার্থীরা আন্দোলন করে অধ্যক্ষ থেকে শুরু করে সবাইকে পদত্যাগ করিয়ে নতুন করে শিক্ষকদের পদোন্নতি দেওয়া হয়। সেখানে সাইফুর রহমান ভূঁইয়াকে উপাধ্যক্ষ করা হয়েছিল। তিনি (সাইফুর) একসময় বিএনপির মতাদর্শী থাকলেও আওয়ামী লীগের আমলে বিভিন্ন সেমিনারে যাওয়ার কিছু ছবি ভাইরাল হয়। সেই ছবি দেখিয়ে তার বিরুদ্ধে কিছু শিক্ষার্থী আন্দোলন করেন। এ নিয়ে কলেজে শিক্ষকদের মধ্যে কোন্দলও ছিল।’
উত্তরাখান থানার ওসি মো. জিয়াউর রহমান বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে।
