ভারতের রেকর্ড তৃতীয় চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জয়ের নায়ক বরুণ চক্রবর্তী। ৩ ম্যাচে ১৫.১১ গড়ে নিয়েছেন ৯ উইকেট। সেই বরুণ এবার জানালেন, ৪ বছর আগের দুঃসহ অভিজ্ঞতার কথা। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ হওয়ার পর তাকে দেশে ফিরতে বারণ করা হয়েছিল!
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে ৩ ম্যাচ খেলে একটিও উইকেট নিতে পারেননি বরুণ। ভারত গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। পাকিস্তানের কাছে হারে ১০ উইকেটে। এক ইউটিউব অনুষ্ঠানে বরুণ বলেছেন, ‘২০২১ বিশ্বকাপের পর হুমকি ফোন পেয়েছিলাম। আমাকে বলা হতো, “ভারতে ফেরার চেষ্টা করো না। চেষ্টা করলেও ফিরতে পারবে না।” লোকে আমার বাড়িতে পর্যন্ত চলে আসত।’
বরুণ আরও বলেছেন, ‘সেই সময় আমার ওপর নজর রাখা হতো। নিজেকে লুকিয়ে রাখতে বাধ্য হতাম। বিমানবন্দর থেকে ফেরার সময় দুজন আমাকে বাইকে করে অনুসরণ করেছিল। তবে আমি জানতাম, সমর্থকেরা এরকম আবেগপ্রবণ হয়। সেটা ছিল আমার জীবনের কালো অধ্যায়। আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। দেশের হয়ে খেলেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারিনি। একটাও উইকেট না পাওয়ার আক্ষেপ ছিল। তিন বছর আমি দলে জায়গা পাইনি।’
সেই বিশ্বকাপের পর নিজেকে অনেক বদলে ফেলেন বরুণ, ‘আমার জন্য অভিষেকের চেয়েও প্রত্যাবর্তন কঠিন ছিল। আগে একটা সেশনে ৫০টা বল করতাম। সেটা দ্বিগুণ করে দেই। জানতামও না যে নির্বাচকেরা আদৌ আমায় আর ডাকবেন কি না। খুব কঠিন সময় ছিল। তিন বছর পর সব বদলে গেল। আমরা আইপিএল জিতলাম। জাতীয় দলে ডাক পেলাম। খুব খুশি হয়েছিলাম তখন। আমি বিশ্বাস করি না যে, সব ভালো জিনিস একবারে হয়। আমি নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যেতে চাই।’
বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া কোচদের একজন গম্ভীর
রিয়ালের বিপক্ষে কঠিন ম্যাচ নিয়ে রোমাঞ্চিত আর্সেনাল কোচ