রাজধানীর কামরাঙ্গীরচর ঝাউলাহাটি শহীদ কাউসার রোড এলাকার একটি বাসা থেকে শাহিনুর আক্তার (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরের দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। শাহিনুর বগুড়া সদরের আমতলী গ্রামের আইয়ুব আলীর মেয়ে। তিনি স্বামীর সঙ্গে কামরাঙ্গীরচর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রব বলেন, ‘আমরা খবর পেয়ে গত শুক্রবার রাত ১২টার দিকে কামরাঙ্গীরচরের ঝাউলাহাটি শহীদ কাউছার রোড এলাকার একটি বাসার পঞ্চমতলা থেকে শাহিনুর নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নিহতের আত্মীয়স্বজনকে জিজ্ঞেস করে জানতে পারি, পারিবারিক কলহের জেরে স্বামীর ওপর অভিমান করে ওই গৃহবধূ নিজের রুমে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে পড়ে। পরে আমাদেরকে খবর দিলে আমরা গিয়ে তার মরদেহ উদ্ধার করি। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’
