চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে আতলেতিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদের ম্যাচ দুই লেগ মিলে সমতা থাকায় টাইব্রেকারে গড়িয়েছিল। সেখানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয় আতলেতিকোকে। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ডিয়েগো সিমিওনের দলকে আজ আবারও কঠিন পরীক্ষার মুখে পড়তে হচ্ছে।
লা লিগায় আজ ওয়ান্দা মেত্রোপলিতানোতে বার্সেলোনাকে আতিথেয়তা দেবে আতলেতিকো। এই দুই দল সবশেষ মুখোমুখি হয়েছিল কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগে। সেখানে ম্যাচটি ৪-৪ গোলে ড্র হয়েছিল।
চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের আগে লা লিগায় গেতাফের বিপক্ষেও হারে আতলেতিকো। তবে অতীত ভুলে সামনের গুরুত্বপূর্ণ ম্যাচের দিকে পূর্ণ মনোযোগী তারা।
দলটির মিডফিল্ডার কনর গ্যালাঘার বলেন, ‘এটা (চ্যাম্পিয়নস লিগে) গর্ব করার মতো পারফরম্যান্স এবং হারের পর যে অনুভূতি ছিল সেটাকে পরের ম্যাচে আমরা অনুপ্রেরণা হিসেবে কাজে লাগাব। ওই ম্যাচে হয়তো ভাগ্য আমাদের সহায় ছিল না, যা দুর্ভাগ্যজনক, কিন্তু এই মৌসুমে অনেকবারই আমরা এমনটা (ঘুরে দাঁড়ানো) করেছি। এমন হারের ধাক্কা কাটিয়ে ওঠা এবং (বার্সার বিপক্ষে) বড় ম্যাচের জন্য শতভাগ প্রস্তুত থাকা অবশ্যই মানসিক দিক থেকে কঠিন। তবে বার্সেলোনার বিপক্ষে সেরা পারফরম্যান্সের জন্য এটাকে আমরা অনুপ্রেরণা ও ভালো করার জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি।’
লা লিগায় পয়েন্ট টেবিলের যে অবস্থা তাতে এই ম্যাচের ফলাফল ভীষণ গুরুত্বপূর্ণ। শিরোপা নিয়ে হচ্ছে ত্রিমুখী লড়াই। বার্সা, আতলেতিকোর পাশাপাশি লড়াইয়ে ভালোভাবেই আছে রিয়াল। ব্যবধানও খুব তিন দলের। ২৬ ম্যাচে বার্সার ৫৭, এক ম্যাচ বেশি খেলে আতলেতিকোর ৫৬। ২৭ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে গত রাতে রিয়াল মুখোমুখি হয়েছিল ভিয়ারিয়ালের। সেই ম্যাচ জিতলে একদিনের পর শীর্ষে উঠে যাওয়ার কথা রিয়ালের।
প্রথম দেখায় বার্সার মাঠে ১-২ গোলে জিতেছিল আতলেতিকো। ফলে আজকের ম্যাচে জয় বা ড্র তাদের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে রাখবে কাতালান ক্লাবটির বিপক্ষে। লা লিগায় পয়েন্ট সমান হলে শিরোপার সিদ্ধান্তে মুখোমুখি লড়াই বড় নিয়ামক হিসেবে কাজ করবে।
তবে বার্সেলোনা আছে দারুণ ফর্মে। সবশেষ চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগে বার্সেলোনা ৩-১ গোলে হারিয়েছে বেনফিকাকে। সেই ম্যাচে জোড়া গোল করেন রাফিনহা। বার্সার অপর গোলটি আসে লামিন ইয়ামালের পা থেকে। এ দুজন ছাড়াও রবার্ট লেভানডফস্কি আছেন ফর্মে। এই মৌসুমে লা লিগায় ২১ গোল নিয়ে শীর্ষে তিনি। লিগে রাফিনহার গোল ১৩টি। তবে আতলেতিকোর ফরোয়ার্ডরাও ফর্মেই আছেন। লিগে সরলথ ও আলভারেজের গোল ১০টি করে। গ্রিজমানের গোল ৮টি। তাই এই ম্যাচে ফরোয়ার্ডদের মধ্যেও দেখা যাবে দারুণ লড়াই। ফুটবলে কোচদের কৌশল অনেক সময় ম্যাচের গতিপথ পাল্টে দেয়। তাই লড়াইটা সিমিওনে ও ফ্লিকের মধ্যেও।
সাত বছর পর সাদমানের সেঞ্চুরি, অগ্রণীর 'হ্যাটট্রিক' জয়
পেলে-ম্যারাডোনার আজতেকার নতুন নাম এস্তাদিও বানোর্তে