নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অজ্ঞাত পরিচয়ে এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ি। আজ সোমবার দুপুরে উপজেলার লাঙ্গলবন্দ এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কালাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ সামসুল হক পাটোয়ারী জানান, হাত-পা বাঁধা মরদেহটি ব্রহ্মপুত্র নদের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে দুর্বৃত্তরা অন্য কোথাও তাকে হত্যা করে মরদেহটি ব্রহ্মপুত্র নদে ফেলে যায়। নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় পাওয়া গেলে বিস্তারিত পরে বলা যাবে বলে তিনি জানান।
