গাজীপুরের কালীগঞ্জে দুর্বৃত্তদের হামলায় স্থানীয় এক সাংবাদিক আহত হয়েছেন। আহত আব্দুল গাফফার দৈনিক যুগান্তরের কালীগঞ্জ প্রতিনিধি। গত রবিবার রাতে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের আওড়াখালী বাজারে তার ওপর হামলা হয়। দুর্বৃত্তরা তার মোবাইল ফোন, নগদ টাকা ও ল্যাপটপ ছিনিয়ে নেয়। আব্দুল গাফফার বর্তমানে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় জড়িতদের ধরতে রাতভর অভিযান চালিয়ে কুলথুন এলাকা থেকে ফয়সাল খান নামে একজনকে আটক করেছে পুলিশ।
আহত গাফফারের সঙ্গে থাকা যুগান্তরের কাপাসিয়া প্রতিনিধি মো. খোরশেদ আলম জানান, রবিবার ইফতার শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তারা। রাত পৌনে ৯টার দিকে অজ্ঞাত একটি নম্বর থেকে গাফফারের ফোনে কল আসে। তারা গাফফারের অবস্থান জানতে চায়। রাত ৯টার দিকে তারা আওড়াখালী বাজারের পৌঁছলে দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে। ওত পেতে থাকা কাউলিতা গ্রামের মাদক কারবারি মো. আলমগীর হোসেন আকন্দ, সাহেদ, ফালু, কুলথুন গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ফয়সাল ও কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড মুনশুরপুর গ্রামের রুবেল হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন গাফফার। একপর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
হামলার শিকার গাফফার জানান, হামলার ঘটনাটি পরিকল্পিত। সম্প্রতি কালীগঞ্জে বিএনপি নেতাকর্মীদের নানা অপতৎপরতা নিয়ে তার লেখা সংবাদ প্রকাশিত হয়েছে। এতে ক্ষুব্ধ মহল পরিকল্পিত হামলার ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।
কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, এ ঘটনায় অভিযান চালিয়ে ফয়সাল খান নামে একজনকে আটক করা হয়েছে। প্রধান আসামি আলমগীর পালিয়ে গেছে।
