বিশেষ ফোর্সের বিরোধিতা

সিভিল এভিয়েশন কর্মচারীদের বিক্ষোভ সড়ক অবরোধ

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০৬:৪৩ এএম

বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের প্রস্তাব বাতিল ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এভিয়েশন সিকিউরিটি বিভাগের স্বার্থ সংরক্ষণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন  বেবিচক কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় বেবিচক সদর দপ্তরের সামনে তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধও করেন। বিক্ষোভে পাঁচ শতাধিক কর্মচারী অংশ নিয়েছেন। এই সময় তারা ছয়টি দাবি তুলে ধরেন।

দাবিগুলো হচ্ছে এভসেক বিভাগকে অকার্যকর করার সব ষড়যন্ত্র বন্ধ করতে হবে। বেবিচকের অর্গানোগ্রাম পূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে। প্রতিষ্ঠানটির কাঠামোগত শক্তিশালীকরণ নিশ্চিত করতে হবে। বেবিচকের অধীনে বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স গঠনের সিদ্ধান্ত অবিলম্বে বন্ধ করতে হবে। ইন এইড টু সিভিল পাওয়ার অ্যাক্টের আওতায় সব জনবল প্রত্যাহার করতে হবে। ১০ সদস্যের পরিচালনা পর্ষদের বিদ্যমান বৈষম্য দূর করতে হবে।  বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের স্বনির্ভরতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পদক্ষেপ নিতে হবে।

গতকাল সরেজমিন দেখা গেছে, আন্দোলনকারীরা সদর দপ্তর  থেকে মিছিল নিয়ে মূল সড়কে যায়। ঢাকা-ময়মনসিংহ সড়ক প্রায় আধাঘণ্টা অবরোধ করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভুঁইয়াসহ অন্য কর্মকর্তারা উপস্থিত হয়ে তাদের শান্ত করে ফিরিয়ে নিয়ে যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত